প্রতিমন্ত্রী ইয়াসেরের হস্তক্ষেপে কাটল বিশ্বকাপের সম্প্রচার সংকট
ছবি-সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:০০
সরকারের হস্তক্ষেপে অবশেষে বাংলাদেশ বিশ্বকাপ সম্প্রচারের সংকট কেটেছে। তিনটি জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে যাচ্ছে। বিটিভি, টি স্পোর্টস ছাড়াও আরও একটি চ্যানেলে দেখা যেতে পারে এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, যারা মূলত ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল, স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায়। ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে দেশ কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছাড়াই পড়ে যায়।
এই পর্যায়ে এসে জটিলতা নিরসনে বড় ভূমিকা পালন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি জরুরি বৈঠকের উদ্যোগ নেন এবং পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেন একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ‘তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপ চক্রে ব্যবহার করা হয়নি।’
জানা গেছে, স্বত্বমূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা স্প্রিংবকের প্রাথমিক দাবি করা ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের তুলনায় অনেক কম। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেসরকারি বাণিজ্যিক অংশীদারদের একত্রিত করা এবং নতুন আয়ের পথ উন্মুক্ত করার মাধ্যমে সরকারকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। এই চুক্তি সম্পন্ন করতে জনগণের করের একটি টাকাও খরচ হয়নি। করপোরেট কৌশলগত এই সাফল্যের মুল স্থপতি ছিলেন ইয়াসের খান চৌধুরী।
- বিষয় :
- ফুটবল
- বিশ্বকাপ ফুটবল
