কেরানীগঞ্জে কিশোরীসহ দুজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২৩:০১
কেরানীগঞ্জের কদমতলী থেকে বাবু মিয়া (৫৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ধলেশ্বরী নদীর তুলশিখালি এলাকা থেকে ফাতেমা ফারহানা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কদমতলী এলাকার হকার মাইদুল আলম জানান, বাবু মিয়া কদমতলী এলাকায় পান-সিগারেট বিক্রি করতেন। দিন শেষে কারখানার তৃতীয় তলায় একটি রুমে রাত্রিযাপন করতেন। বৃহস্পতিবার বিকেলে দুর্গন্ধ বের হলে সিট কাটিংয়ের লোকজন দেখতে পান বাবু মিয়ার মরদেহ পরে আছে। তিনদিন ধরে তাকে কদমতলীতে দেখা যায়নি। সবাই ভাবতেছিল হয়তো সে কোথায় গেছে। পুলিশ খবর পেয়ে বাবু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
দ্বিন সিট কাটিংয়ের কর্মচারী আবু হাসান জানান, বাবু মিয়া কদমতলী এলাকায় ভোরে সারাদিন পান-সিগারেট বিক্রি করতেন। রাতে সিট কাটিংয়ের তৃতীয় তলায় একটি কক্ষে ঘুমাতেন। সিট কাটিং কোরবানির ঈদে বন্ধ ছিল। বিকেলে পুরো সিট কাটিং দুর্গন্ধে বাতাস ভারী হয়ে যায়। পরে দেখা যায় বাবু মিয়ার মরদেহ তার রুমে পড়ে আছে। এই ঘটনা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি মারা গেছেন সেই বিষয়ে তারা বলতে পারছেন না।
নিহতের চাচা মো. আসলাম ভান্ডারী জানান, গত তিনদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দ্বিন ফার্নিচারে এসে জানতে পারেন শ্রমিকদের থাকার স্থানে কম্বল মোড়ানো অবস্থায় তার ভাতিজার মরদেহ পাওয়া গেছে। তিনি দাবি করেন, বাবুকে হত্যা করে তার কাছে থাকা টাকা-পয়সা লুট করা হয়ে থাকতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দ্বিন সিট কাটিংয়ের লোকজনের কাছ থেকে খবর পেয়ে বাবু মিয়ার লাশ উদ্ধার করা হয়। কমপক্ষে তিনদিন ধরে পর লাশ পড়ে ছিল। বাবু মিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে বলা যাবে হত্যা না স্বাভাবিক মৃত্যু। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
অন্যদিকে, ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর কৈলাইল এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ফাতেমা ফারহানা (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানা কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর গ্রামের সৌদি প্রবাসী ফারুক মোল্লার মেয়ে ফাতেমা ফারহানা। ৩০ মে সন্ধ্যায় বাসা থেকে বের হয়। তাকে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করার পরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ধলেশ্বরী নদীর কৈলাইল ইউনিয়নের তুলিশিখালি প্রান্তে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ফাতেমার লাশটি ধলেশ্বরী নদীর নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের তুলশিখালি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে এখনো বলা যাচ্ছে না।
- বিষয় :
- কেরানীগঞ্জ
- মরদেহ উদ্ধার
