ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ট্রেলারেই মহাকাব্যিক ফ্রেমের ইঙ্গিত
‘দ্য ওডিসি' সিনেমার দৃশ্য।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:০২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:১০
হলিউডের বরেণ্যে নির্মাতা ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক চলচ্চিত্র হোমারের ‘দ্য ওডিসি’-র প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার অনলাইনে প্রকাশিত হয়েছে। গ্রিক পুরাণের কিংবদন্তি নায়ক ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা ম্যাট ডেমন।
ট্রেলারে দাড়িওয়ালা ডেমনকে দেখা যায় ট্রয় যুদ্ধের পতনের পর নিজ রাজ্য ইথাকায় ফেরার দীর্ঘ ও বিপদসংকুল যাত্রায়। তার ভারী কণ্ঠের ভয়েসওভারে শোনা যায়—“বছরের পর বছর যুদ্ধের পর… আমার মানুষদের আর বাড়ি ফেরার পথে কেউ দাঁড়াতে পারেনি… এমনকি আমি নিজেও না।”

ট্রেলারে সংক্ষিপ্ত ঝলকে দেখা গেছে ওডিসিউসের স্ত্রী পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং ছেলে টেলেম্যাকাস চরিত্রে টম হল্যান্ড-কে। ঝড়, সমুদ্র ও নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ঘরে ফেরার সংগ্রামই ট্রেলারের মূল আকর্ষণ।
এর আগে গত ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ছবিটির ছয় মিনিটের একটি দৃশ্য প্রদর্শিত হয়। এছাড়া জুলাইয়ে প্রকাশিত একটি ট্রেলার অনলাইনে ফাঁস হয়ে যায়। নতুন প্রকাশিত ট্রেলারটি আগেরটির তুলনায় ভিন্নধর্মী বলে মনে করছেন দর্শকরা।

নির্মাতা নোলান জানিয়েছেন, সিনেমাটি নির্মাণে তিনি আইম্যাক্স ক্যামেরায় ২০ লাখ ফুট ফিল্ম ব্যবহার করেছেন। নতুন বছরের ১৬ জুলাই ‘দ্য ওডিসি’ অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৭ জুলাই।
- বিষয় :
- হলিউডের ছবিতে
