ঈদের ইত্যাদির দর্শক পর্বে থাকছেন মোশাররফ করিম
ইত্যাদির একটি দৃশ্য। ছবি:ইত্যাদির সৌজন্যে।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৯
ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি চমক। আর সেই চমকের নাম যদি হয় ইত্যাদি, তাহলে দর্শকের প্রত্যাশা যে তুঙ্গে থাকবে—তা বলাই বাহুল্য। দুই যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি যেমন পুরনো প্রজন্মের কাছে সমান জনপ্রিয়, তেমনি ডিজিটাল যুগের নতুন দর্শকরাও আগ্রহ নিয়ে উপভোগ করেন। ইউটিউবে নিয়মিত ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নেওয়াই তার প্রমাণ।
এবারের ঈদেও থাকছে বিশেষ আয়োজন। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে সমান দক্ষতার স্বাক্ষর রাখা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অংশ নিয়েছেন এবারের ঈদ ইত্যাদির দর্শকপর্বে অতিথি হিসেবে। শুধু উপস্থিতিই নয়—তিনি সরাসরি অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে।
ঈদের এই বিশেষ পর্বে দর্শক নির্বাচনও ছিল ব্যতিক্রমধর্মী। প্রচলিত প্রশ্নোত্তর পর্বের বদলে একটি বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বাছাই করা হয়। সেই অভিনব প্রক্রিয়াই তৈরি করে অনন্য এক মুহূর্ত, যা উপস্থিত সবার মধ্যে কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে দেয়।
এরপর শুরু হয় মূল অভিনয়পর্ব। তাৎক্ষণিক প্রস্তুতিতে মোশাররফ করিম অভিনয় করেন তিনটি ভিন্ন চরিত্রে। তাঁর সঙ্গে অংশ নেন নির্বাচিত চারজন দর্শক—যারা কেউই পেশাদার অভিনেতা নন। তবে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মোশাররফের দক্ষ অভিনয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
অভিনয়ের ফাঁকে ফাঁকে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু স্টুডিওতে উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ ও ভাবনার খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে। করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।
- বিষয় :
- ইত্যাদি
- মোশাররফ করিম
