১৬ বছর বয়সে অভিনয় যাত্রা, যে প্রক্রিয়ায় অনন্য হয়ে উঠলেন নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান। ছবি: সংগৃহীত
মীর সামী
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৩:১২ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৩:১৪
হলিউডের আলো-ঝলমলে পর্দার আড়ালে কিছু গল্প থাকে, যা শুধু তারকাখ্যাতির নয়, নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ে তোলার এক নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। প্রখ্যাত হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের ক্যারিয়ার সেই বিরল ধারার এক উজ্জ্বল উদাহরণ। তিনি কোনো সিনেমা বা সিরিজে কেবল চরিত্রে অভিনয় করেন না; বরং চরিত্রের গভীরে প্রবেশ করে তাঁর মানসিকতা, তাঁর নীরবতা, তাঁর পথচলা– সবকিছুকে নিজের শরীরী ভাষায় সূক্ষ্মভাবে বুনে নেন। এই রূপান্তরের ক্ষমতাই তাঁকে হলিউডে অন্যদের থেকে আলাদা করে। কিডম্যানের অভিনয়ে কখনও বাড়তি আবেগের বহির্প্রকাশ নেই, কিন্তু তাঁর চোখের দৃষ্টি, চেহারার ক্ষুদ্র পরিবর্তন কিংবা সংলাপের ভেতরের বিরতি সবকিছু মিলে তিনি যেন চরিত্রকে অভিনয় করেন না, বরং সেই চরিত্র হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর এই শিল্পীসত্তা আরও পরিণত হয়েছে। বড়পর্দার গ্ল্যামার পেরিয়ে এখন তিনি সমান স্বাচ্ছন্দ্যে কাজ করছেন জটিল ও মনস্তাত্ত্বিক গল্পে, যেখানে বাহ্যিক চাকচিক্যের চেয়ে বেশি গুরুত্ব পায় চরিত্রের অভ্যন্তরীণ টানাপোড়েন। ঠিক এই জায়গাতেই কিডম্যান হয়ে উঠেছেন অনন্য।
সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন সিরিজ স্কারপেত্তা। এই সিরিজে নিকোল কিডম্যান যেন একেবারে অন্য এক জগতে প্রবেশ করেছেন। ড. কে স্কারপেত্তা নামে একজন ফরেনসিক প্যাথলজিস্টের ভূমিকায় তিনি এমন এক চরিত্র নির্মাণ করেছেন, যা একই সঙ্গে শীতল, বিশ্লেষণধর্মী এবং গভীরভাবে মানবিক। স্কারপেত্তা মৃতদেহের ভেতর খুঁজে বেড়ান জীবনের শেষ সত্য। তাঁর অপারেশন টেবিলে শুয়ে থাকা নিথর দেহগুলো যেন কথা বলে। রক্তের দাগ, ক্ষতের গভীরতা, কিংবা শরীরের ক্ষুদ্রতম পরিবর্তন তাঁকে বলে দেয় শেষ মুহূর্তের গল্প। স্কারপেত্তার এই তদন্তের পাশাপাশি তাঁর ভেতরে চলতে থাকে আরও গভীর এক অনুসন্ধান। মানুষ কেন মানুষকে হত্যা করে, আবার ঠিক কোন মুহূর্তে একজন মানুষ নিজের অন্ধকার সত্তাকে মেনে নেয়। এই দ্বৈত অনুসন্ধানই স্কারপেত্তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একদিকে বৈজ্ঞানিক নিরীক্ষা, অন্যদিকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ– এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে কিডম্যানের স্কারপেত্তা হয়ে ওঠে এক নিঃশব্দ পর্যবেক্ষক। তিনি আবেগে ভেসে যান না, আবার পুরোপুরি বিচ্ছিন্নও নন।

এই সিরিজে কিডম্যান খুব কম সংলাপ বলেছেন, কিন্তু তাঁর চোখের দৃষ্টি, তদন্তের বিশ্লেষণ, আর কখনও কখনও অদৃশ্য ক্লান্তি। সব মিলিয়ে স্কারপেত্তা হয়ে ওঠেন এক জটিল, বহুস্তরীয় চরিত্র। মনে হয়, তিনি শুধু অপরাধের রহস্য উন্মোচন করছেন না; বরং প্রতিটি মৃতদেহের সঙ্গে সঙ্গে মানুষের ভেতরের অন্ধকার ইতিহাসও পড়ছেন। ‘স্কারপেত্তা’ নির্মিত হয়েছে প্যাট্রিশিয়া কর্নওয়েলের উপন্যাস অবলম্বনে। সিরিজটি বানিয়েছেন এলিজাবেথ সর্নোফ। কর্নওয়েলের স্কারপেত্তা যেমন ছিলেন শক্ত, বুদ্ধিদীপ্ত এবং জটিল, কিডম্যান সেই চরিত্রকে পর্দায় এনে দিয়েছেন আরও মানবিক এক মাত্রা। এখানে স্কারপেত্তা শুধু ময়নাতদন্তই করেন না। তিনি নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং একাকীত্বের সঙ্গেও লড়াই করেন। ফলে সিরিজটি কেবল ক্রাইম থ্রিলার নয়, এটি এক নারীর গল্পও বটে।
মাত্র ১৬ বছর বয়সে নিকোল কিডম্যানের অভিনয় যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ান সিনেমা ‘বুশ ক্রিসমাস’-এর মাধ্যমে। এরপর তিনি বেশ কিছু অস্ট্রেলিয়ান টেলিভিশন ও সিনেমায় কাজ করেন। হলিউডে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ কাজ ছিল ১৯৯০ সালের ‘ডেইজ অব থান্ডার’। পরবর্তীকালে ‘মুল্যাঁ রুজ!’ সিনেমায় তাঁর ঝলমলে উপস্থিতি, রোমান্টিক আবেগ আর সংগীতনির্ভর অভিনয় তাঁকে এনে দেয় বিশ্বব্যাপী জনপ্রিয়তা। এই সিনেমার জন্য ২০০১ সালে তিনি প্রথম অস্কার মনোনয়ন পান এবং ২০০৩ সালে ‘দ্য আওয়ার্স’ সিনেমায় ভার্জিনিয়া উলফ তাঁকে এনে দেয় সেরা অভিনেত্রী হিসেবে প্রথম অস্কার। সেই সময় থেকেই স্পষ্ট হয়ে যায় কিডম্যান কেবল গ্ল্যামারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না; তিনি চ্যালেঞ্জিং চরিত্রের মধ্যেই নিজের পরিচয় খুঁজে পান।

নাটক ও সিনেমার ক্ষেত্রে এই সময়ের বড় পরিবর্তন হলো গল্প বলার মাধ্যম। সিনেমা হল থেকে গল্প এখন ছড়িয়ে পড়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিডম্যান খুব সচেতনভাবেই এই পরিবর্তনকে গ্রহণ করেছেন। তিনি বুঝেছেন, দীর্ঘ ফরম্যাটের সিরিজে চরিত্রকে আরও গভীরভাবে নির্মাণের সুযোগ থাকে। ‘স্কারপেত্তা’-তে সেই সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগিয়েছেন। সিরিজটির প্রতিটি কেস যেন এক একটি মানবিক ট্র্যাজেডি। মৃতদেহের ভেতর থেকে উঠে আসে সম্পর্কের ভাঙন, লোভ, প্রতিশোধ, কিংবা নিঃসঙ্গতার গল্প। সেই গল্পগুলোকে জোড়া লাগান স্কারপেত্তা। একজন বিজ্ঞানী, একজন অনুসন্ধানী এবং এক অর্থে একজন নীরব গল্পকার।
এই জায়গায় এসে কিডম্যানের ক্যারিয়ারে এক ধরনের পূর্ণতা পাওয়া যায়। তিনি এখন আর নিজেকে প্রমাণের জন্য কাজ করেন না; বরং গল্পের প্রয়োজনেই নিজেকে ঢেলে দেন। শেষ পর্যন্ত, নিকোল কিডম্যানের ‘স্কারপেত্তা’ হয়ে ওঠে শুধু একটি ক্রাইম থ্রিলার সিরিজ নয়; বরং এক শিল্পীর পরিণত অবস্থানের প্রতিচ্ছবি। যেখানে নেই অযথা নাটকীয়তা, নেই বাহুল্য। আছে কেবল নিখুঁত অভিনয়, নির্মাণ, সংযম, আর গভীরতা; যা এক অভিনেত্রীর দীর্ঘ পথচলার অভিজ্ঞতা, তাঁর বিবর্তন, আর তাঁর শিল্পীসত্তার নতুন এক স্তরকে আবিষ্কার করে।
- বিষয় :
- নিকোল কিডম্যান
- হলিউড অভিনেত্রী
