ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় শিল্পী

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় শিল্পী
×

বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৮:০৮

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে শোবিজের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সবাই ফিরেছেন শূন্য হাতে। এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ছুটছেন তারকারা। ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী বেবী নাজনীন, দিলরুবা খান, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।

২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার তিনি তুলেছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন।

বেবী নাজনীন বলেন, ‘মনোনয়ন পেলে চেষ্টা করব দেশের উন্নয়নে অবদান রাখতে। নতুন প্রজন্মকে শক্তিশালী করতে, সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তাঁর সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

সিরাজগঞ্জ-১ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন সংগীতশিল্পী কনকচাঁপা। এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসন নিয়ে আশাবাদী তিনি।

নিজ জেলা কিশোরগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশী সংগীতশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র সংগ্রহের পর রিজিয়া পারভীন বলেন, ‘দেশের মানুষের জন্য কাজ করতে চাই। একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।’

সংগীতশিল্পী দিলরুবা খান জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দিলরুবা খান বলেন, ‘আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। নির্বাচিত হলে কাজগুলো বড় পরিসরে করা সম্ভব—তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

ময়মনসিংহ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিকভাবেও তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তিনি বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর কন্যা।

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গীতিকার, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তার শ্বশুর শফি আহমেদ চৌধুরী বিএনপির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

×