টিভি ও মঞ্চে রবীন্দ্রজয়ন্তীর নানা আয়োজন
সমাপ্তি নাটকের দৃশ্য। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৩:৫২
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ টিভি ও মঞ্চে থাকছে নানা ধরনের আয়োজন। কবিগুরুর কালজয়ী গানের পরিবেশনা দিয়ে চ্যানেল আই শুরু করবে ২৫ বৈশাখের অনুষ্ঠান পর্ব। সকাল সাড়ে ৭টায় সম্প্রচার হয়েছে ‘গানে গানে সকাল শুরু’র রবীন্দ্রসংগীতের বিশেষ পর্ব।
সকাল ৯টা ৪৫ মিনিটে ছিল ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় থাকছে ‘তৃতীয় মাত্রা রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’। এতে অতিথি থাকবেন– অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী এবং নুসরাত সায়েম।
এরপর বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে রবিঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত টেলিছবি ‘স্ত্রীর চিঠি’। অরুণ চৌধুরীর পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সূচনা শিকদার, বিমল ব্যানার্জি প্রমুখ। সন্ধ্যা ৬টায় প্রচার হবে প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে বরেণ্য কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসো কাছে’। কবিগুরুর কালজয়ী গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল রানা বিদ্যুত। এ ছাড়াও দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে রবীন্দ্রনাথের গান, কবিতা।
মাছরাঙা টেলিভিশন বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে প্রচার করবে একাধিক অনুষ্ঠান। যার মধ্যে একক নাটক ‘সমাপ্তি’ দেখানো হবে রাত সাড়ে ১০টায়। রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে। নাটকে মৃন্ময়ীর স্বামী অপূর্বর চরিত্রে অভিনয় করেছেন সজল। ‘সমাপ্তি’ নাটকের পর রাত সাড়ে ১১টায় চ্যানেলটি সরাসরি সম্প্রচার করবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। এই একক সংগীতায়োজনে রবিঠাকুরের কালজয়ী কিছু গান শোনাবেন নন্দিত কণ্ঠশিল্পী লাইসা আহমেদ লিসা। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজনায় থাকছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
দীপ্ত টিভি তাদের প্রভাতি আয়োজন সাজিয়েছে কবিগুরুর গান ও কবিতা দিয়ে। আজ সকাল ৮টায় দেখানো হয়েছে ‘দীপ্ত প্রভাতি’ অনুষ্ঠানটি। এ আয়োজনে থাকছে কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীবের পরিবেশনায় রবীন্দ্রসংগীত ও আবৃত্তিকার সামিউল ইসলাম পোলাক কবিগুরুর কবিতার আবৃত্তি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার। এর পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শিশুদের জনপ্রিয় চ্যানেলে দুরন্ত টিভি প্রচার করছে বেশ কিছু অনুষ্ঠান।
দুপুর ২টায় প্রচার হবে কবিগুরুর বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা নিয়ে নির্মিত ভিন্নধর্মী আয়োজন ‘রবির কিরণ’। এতে অংশ নিয়েছেন ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা। ‘রবির কিরণ’ পরিচালনা করেছেন এ. কে. কমল। এ ছাড়াও দুরন্ত টিভিতে সকাল ৯টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং রাত ১০টায় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। ‘মাধো’ ও ‘ডাকঘর’ নির্মাণ করেছেন যথাক্রমে– সুমনা সিদ্দিকী ও লুসি তৃপ্তি গোমেজ। এর বাইরেও ২৫ বৈশাখ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে থাকছে বিশ্বকবির অনবদ্য সৃষ্টি নিয়ে নির্মিত নানারকম অনুষ্ঠান।
টেলিভিশনের পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মঞ্চে বর্ণাঢ্য আয়োজন। বিশ্বকবির নানামুখী সৃষ্টিকর্ম উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হওয়া ৪ দিনের এই আয়োজন চলবে আগামী ১১ মে পর্যন্ত। আজ বিকেল সাড়ে ৫টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।
- বিষয় :
- রবীন্দ্রনাথ ঠাকুর
