‘ইত্যাদি’ এবার নরসিংদীতে, থাকছে চমক
হানিফ সংকেত। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৬:৫২
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে। এই পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।
রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয়েছিল এবারের নান্দনিক মঞ্চ। ইত্যাদির ধারণকে কেন্দ্র করে গোটা নরসিংদীজুড়েই ছিল সাজ সাজ রব। নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানস্থলের ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি দর্শক আসায় তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। স্থান সংকুলান না হওয়ায় শত শত মানুষ আশপাশের বিভিন্ন বহুতল ভবনের ছাদ, রাস্তা, দেয়াল এবং গাছের ডালে চড়ে বসেন। অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান, যার একটি গেয়েছেন নরসিংদীরই কৃতিসন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’।
জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে চিত্রায়িত এ গানটি দর্শকদের মনে নিশ্চিতভাবেই দোলা দেবে। অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় এই গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
স্থানীয় নৃত্যশিল্পীদের চমৎকার এই পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। ইত্যাদির দর্শকপর্বের নিয়ম মেনে, ধারণস্থান নরসিংদীকে নিয়ে করা কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ৪ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে এই নির্বাচিত দর্শকরা নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্য নিয়ে তৈরি একটি নাট্যাংশে অংশ নেন।
এবারের পর্বে রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর এবং নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এ ছাড়াও থাকছে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং ‘প্রাচ্যের ম্যানচেস্টার’-খ্যাত বাবুরহাটকে নিয়ে একটি বিশেষ আয়োজন। রয়েছে নরসিংদীর জিআই পণ্য অমৃতসাগর কলা ও লটকান ছাড়াও কলম্বো লেবু নিয়ে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি থাকছে জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের ওপর তথ্য। রয়েছে খুলনা জেলার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে একটি প্রতিবেদন।
যথারীতি থাকছে বিদেশি প্রতিবেদনও। থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির আড্ডা! ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশকিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। ভাংতি সংকট, ফাঁকা আওয়াজ, ভ্যান অ্যাম্বাসাডর, বড় ভাই-ছোট ভাই তর্ক এবং সম্পর্ক, দুর্নীতি ভীতি ও চাকরিপ্রীতি, প্রাকৃতিক সৌন্দর্য, পথভ্রষ্ট মানুষ, জনতার ব্যবহার, চাঁদের কলঙ্ক নিয়ে কৃষকদের চিন্তাসহ বেশ কয়েকটি নাট্যাংশ।
এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, আব্দুল আজিজ, বড়দা মিঠু, সুভাশিষ ভৌমিক, আনোয়ার শাহী, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, রকি খান, মুকুল সিরাজ, হানিফ পালোয়ান, জাহিদ শিকদার, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, জামিল হোসেন, বিলু বড়ুয়া, তারিক স্বপন, আনোয়ারুল আলম সজল, আবু হেনা রনি, নিপুসহ আরও অনেকে।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
- বিষয় :
- হানিফ সংকেত
- ইত্যাদি
