বিয়ের ১৫ বছর পর ভাঙে সংসার, প্রাক্তনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
মাহি ভিজ ও জয় ভানুশালি।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৬:১১ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ১৬:২০
দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন পশ্চিমবঙ্গের তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালি। চলতি বছরের শুরুতে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলেও তাদের সম্পর্কের সমীকরণ তিক্ততার পথে যায়নি। স্বামী-স্ত্রীর সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্ব অটুট রয়েছে বলে জানালেন মাহি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিচ্ছেদের পর তাদের সম্পর্ক খারাপের দিকে না গিয়ে আরও পরিণত ও সুন্দর হয়েছে। এখন জয় তার অন্যতম প্রিয় বন্ধু।
মাহি আরও জানান, তাদের মধ্যে কোনও ধরনের মনোমালিন্য বা তিক্ততা নেই। শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও আগের মতোই সুসম্পর্ক বজায় রয়েছে। এখনও মাহির বাবা জয়ের বাড়িতে যান, একসঙ্গে সময় কাটান এবং পারিবারিক সম্পর্ক আগের মতোই স্বাভাবিক রয়েছে।
এই তারকা দম্পতি ২০১৭ সালে দুই সন্তান—খুশি ও রাজবীরকে দত্তক নেন। পরে ২০১৯ সালে তাঁদের কন্যাসন্তান তারা জন্ম নেয়। বিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গেই থাকলেও, সন্তানের জীবনে বাবার উপস্থিতি বজায় রাখতে দুজনেই সচেষ্ট বলে জানিয়েছেন মাহি।

বিচ্ছেদের কঠিন সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিচ্ছেদের সময় চেয়েছিলাম কেউ যেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন না করেন। সময় কারও সব সময় ভাল যায় না। কঠিন সময়ে আমি পরিবারকে পাশে পেয়েছি। এমন সময়ে আমার বাবা যেভাবে আমার পাশে ছিলেন, সেটা অনেক বড় পাওয়া।’
মাহির ভাষায়, অনেকেই বিচ্ছেদের পর প্রাক্তন দম্পতির মধ্যে কাদা ছোড়াছুড়ি দেখতে চান। কিন্তু তাঁদের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি। বরং সন্তানের স্বার্থে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে তাঁরা সম্পর্ককে ইতিবাচক রেখেছেন।
মাহী বলেন, ‘বিচ্ছেদের পরে জয় আমার প্রিয় বন্ধু হয়ে উঠতে পেরেছে। আমরা একটা পরিবারের মতো একে অপরের সঙ্গে জুড়ে থাকি প্রতিটা সময়। আমার বাবা ওর বাড়ি যান, একসঙ্গে চা খান ওরা। সবার সঙ্গে সবার সুসম্পর্ক রয়েছে।’
উল্লেখ্য, এক বন্ধুর পার্টিতে প্রথম পরিচয় হয়েছিল জয় ও মাহির। পরে আবার দেখা হওয়ার পর তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর মাহিকে বিয়ের প্রস্তাব দেন জয়। এরপর গোপনে বিয়ে সারেন এই তারকা জুটি। দীর্ঘ দাম্পত্যের পর তাদের পথ আলাদা হলেও, বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক অটুট রাখতে চান তারা। সূত্র: আনন্দবাজার অনলাইন ও আজকাল ডটইন
