মেসির জোড়া গোলে উচ্ছ্বসিত শোবিজ তারকারা
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৪:৪০
লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে দলের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক মেসি। তার জোড়া গোলেই নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের গুরুত্বপূর্ণ এই জয়। আর সেই জয়ের আনন্দে ভেসেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও প্রিয় তারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও নির্মাতাদের। অনেকেই আর্জেন্টিনার জার্সি পরে ছবি পোস্ট করেছেন, কেউ আবার মেসির প্রশংসায় লিখেছেন আবেগঘন বার্তা।
সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইয়েস! আর্জেন্টিনা, ভামোস।’ ছবির পেছনে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছিল মাঠে থাকা লিওনেল মেসিকে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মেসির অসাধারণ অর্জনের কথা তুলে ধরে তাকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা শরিফুল রাজও মেসির প্রশংসা করতে কার্পণ্য করেননি। মাঠে থাকা মেসির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এটা সত্যিই জাদুকরী’
জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মেসির গোল করার ধারাবাহিকতা নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘একসময় ৫ গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকা যেত, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন। তাও আবার একটি পেনাল্টি মিস করে। এটা পুরোই জমিদারি ব্যাপার-স্যাপার।’
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসির পারফরম্যান্সকে ‘আউটস্ট্যান্ডিং’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে তাসরিফ খান সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কথায় না, কাজে! তিনবার পড়ো-মেসি, মেসি, মেসি!’
মেসির জনপ্রিয়তা যে দলীয় সমর্থনের গণ্ডি ছাড়িয়ে গেছে, সেই বিষয়টিও উঠে এসেছে নির্মাতা কাজল আরেফিন অমির পোস্টে। তিনি লিখেছেন, ‘দল যার যার, মেসি সবার।’
চিত্রনায়িকা পূর্ণিমাও আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মেসির প্রতি ভালোবাসাই আমাকে এখানে এনেছে, আর আর্জেন্টিনা আমাকে আটকে রেখেছে।’
অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি লিওনেল মেসির সঙ্গে তোলা একটি স্মরণীয় ছবি পোস্ট করে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন। একইভাবে অভিনেত্রী কেয়া পায়েল আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে জানতে চেয়েছেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের অনুভূতি কেমন?’
এদিকে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখার প্রস্তুতির ছবি পোস্ট করেছিলেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। জয় নিশ্চিত হওয়ার পর তার উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
- বিষয় :
- লিওনেল মেসি
- বিশ্বকাপ ফুটবল
- শোবিজ তারকা
