ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

‘ফুটবলের জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

‘ফুটবলের জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’
×

পরীমণি, চঞ্চল চৌধুরী ও কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৫২

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর নাটকীয় জয় উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, পরীমণি, মিলা, তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, বেলাল খান ও তাসরিফ খান।

ম্যাচের রোমাঞ্চ নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “খুব ভয় পাইছিলাম রে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।” প্রতিপক্ষের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।

চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাচটি দেখেছেন পরীমণি। নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি লিখেছেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না।’

অভিনেতা তৌসিফ মাহবুব মেসিদের প্রত্যাবর্তনে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।’

গায়ক বেলাল খান ম্যাচের উত্তেজনা নিয়ে রসিকতা করে লিখেছেন, ‘রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকেই দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা।’

অন্যদিকে গায়িকা মিলা মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মজার ছলে লিখেছেন, “এই যে দেখো, আমি খেলা দেখতে গেলাম আর যখনই আমি আর্জেন্টিনাকে ডাকলাম, অমনি জিতে গেল আর্জেন্টিনা।”

ম্যাচের শেষ মুহূর্তের উত্তেজনায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। তিনি লিখেছেন, ‘আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।’

আর গায়ক তাসরিফ খান লিওনেল মেসির প্রতি আস্থা প্রকাশ করে লিখেছেন, ‘জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।’

ম্যাচের শেষ বাঁশি বাজার পর সামাজিক মাধ্যমে এমন অসংখ্য পোস্টে ভরে যায় নিউজফিড। সাধারণ সমর্থকদের মতো তারকারাও আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় উদযাপনে মেতে ওঠেন।

আরও পড়ুন

×