ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন; বাঁধন ইস্যুতে মম

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন; বাঁধন ইস্যুতে মম
×

আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৭

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশের বাইরে একজন নারী ও শিল্পীর সঙ্গে এমন আচরণ এবং দেশে চলমান নানা সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন মম। ভিডিওটি দেখে ঘৃণা প্রকাশ করেন তিনি। পরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আরেকটি পোস্ট দেন এই অভিনেত্রী।

মম তাঁর পোস্টে লেখেন, ‘কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনোটাই ভালো হচ্ছে না! মাদরাসায় যৌন হয়রানি, গরিবের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই সে খারাপ, মাজার উচ্ছেদ, নাচ-গান, শিল্প-সাহিত্য, নৌকাবাইচ নিষেধ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং অনিরাপদ নাগরিক জীবন...।’

দেশের চলমান পরিস্থিতির সমালোচনা করে মম আরও লেখেন, ‘আরও এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনোটাই দেশ এবং আমাদের জন্য ভালো নয়। আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।’

নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছেন মম। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি লেখেন, ‘আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

বাঁধনের ঘটনায় এরই মধ্যে শোবিজ অঙ্গনের অনেকে প্রতিবাদ জানিয়েছেন। ভেনিসে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে হামলা ও হয়রানির অভিযোগ তুলে বাঁধন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

তাঁর দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। ঘটনার পর স্থানীয় পুলিশ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা পাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন

×