ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলার ঘটনায় দৃশ্যমাধ্যম সমাজের প্রতিবাদ

বাঁধনের ওপর হামলার ঘটনায় দৃশ্যমাধ্যম সমাজের প্রতিবাদ
×

ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১৯

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলা ও শারীরিক হেনস্তার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের দৃশ্যমাধ্যম সমাজ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ১২২ জন শিল্পী।

এক বিবৃতিতে শিল্পীরা বলেন, ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলা, শারীরিক হেনস্তা ও অপমানের ঘটনায় দৃশ্যমাধ্যম সমাজ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একজন শিল্পীকে তার রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু নিন্দনীয় নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।

শিল্পীরা বলেন, মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাঁধন ও তাঁর সহশিল্পীরা যখন ইতালিতে অবস্থান করছেন, তখন সেখানে হামলার ঘটনা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

বিবৃতিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, স্বৈরাচারবিরোধী জুলাইয়ের গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে দেশের বহু শিল্পীর সঙ্গে আজমেরী হক বাঁধনও অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করেছিলেন।

শিল্পীরা আরও বলেন, ‘শিল্পীর স্বাধীনতা কোনো বিশেষ রাজনৈতিক মতের আনুগত্যের ওপর নির্ভর করে না। যে শিল্পী কথা বলার অধিকার রাখেন, তিনি একই সঙ্গে নীরব থাকারও অধিকার রাখেন। তাঁর মতের সঙ্গে দ্বিমত পোষণ করার অধিকার আমাদের আছে, কিন্তু তাঁকে অপমান, ভয় দেখানো কিংবা তাঁর শরীরে হাত তোলার অধিকার কারও নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতের বিরোধিতা কখনোই সহিংসতার লাইসেন্স হতে পারে না। একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা, তাঁকে প্রকাশ্যে হেনস্তা করা কিংবা ভয়ভীতি প্রদর্শন কোনো প্রতিবাদের ভাষা নয়; এটি নিছক সহিংসতা।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দৃশ্যমাধ্যম সমাজের শিল্পীরা। পাশাপাশি দেশের শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

×