জিঞ্জার রজার্সের চরিত্র দিয়ে সাবরিনা কার্পেন্টার
সাবরিনা কার্পেন্টার। ছবি: স্পটিফাই-এর সৌজন্যে
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২৮
হলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বর্ণাঢ্য কর্মজীবন এবার উঠে আসছে বড়পর্দায়। তাঁকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি বায়োপিক। এখনও ছবিটির নাম চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পপ তারকা ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার।
ফ্রেড অ্যাস্টেয়ারের অন্যতম বিখ্যাত নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে সাবরিনাকে। পর্দায় ফ্রেড ও জিঞ্জারের ঐতিহাসিক নৃত্যজুটির রসায়ন ফুটিয়ে তোলাই হবে ছবিটির অন্যতম আকর্ষণ। ১৯৩৩ থেকে ১৯৩৯ সালের মধ্যে ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্স একসঙ্গে নয়টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাদের জুটি হলিউডের স্বর্ণযুগের অন্যতম স্মরণীয় নৃত্যজুটি হিসেবে পরিচিত।
ছবিতে আরও অভিনয় করছেন মার্গারেট কোয়ালি। তিনি ফ্রেড অ্যাস্টেয়ারের বোন এবং তাঁর প্রথম নৃত্যসঙ্গী অ্যাডেল অ্যাস্টেয়ারের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমার মাধ্যমে সাবরিনা কার্পেন্টার আবারও বড়পর্দায় অভিনয়ে ফিরছেন।
অন্যদিকে টম হল্যান্ডের জন্যও ছবিটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ক্যারিয়ারের শুরুতে লন্ডনের ওয়েস্ট এন্ডে ‘বিলি এলিয়ট’ মিউজিক্যালে নাচের মাধ্যমে পরিচিতি পাওয়া টম এবার আবারও বড়পর্দায় নৃত্য পরিবেশনের সুযোগ পাচ্ছেন।
‘প্যাডিংটন’ ও ‘ওনকা’খ্যাত নির্মাতা পল কিং ছবিটি পরিচালনা করবেন। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও র্যাচেল ও’কনর। ক্যাথলিন রাইলির লেখা ‘দ্য অ্যাস্টেয়ার্স: ফ্রেড অ্যান্ড অ্যাডেল’ বই অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন ফ্রেড অ্যাস্টেয়ারের মেয়ে আভা অ্যাস্টায়ার ম্যাকেনজিও।
সাবরিনা কার্পেন্টার নতুন এ সিনেমা নিয়ে আশাবাদী। তাঁর প্রত্যাশা, জিঞ্জার রজার্সের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দিতে পারবেন।
- বিষয় :
- সাবরিনা কার্পেন্টার