অবসর নিতে চান বলিউডের 'শাহেনশাহ'!
অমিতাভ বচ্চন- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৪:৪৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৪:৪৭
বলিউডের 'শাহেনশাহ' খ্যাত অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে 'সাত হিন্দুস্তানি' ছবির মধ্য দিয়ে হিন্দি ছবির জগতে পা রেখেছিলেন তিনি। গত ৭ নভেম্বর চলচ্চিত্রে ৫০ বছর পূর্তি হয়েছে অমিতাভের।
পরবর্তীকালে হিন্দি সিনেমা জগতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন। তবে এবার তিনি মনে করছেন সিনেমার দুনিয়া থেকে হয়তবা তার বিদায় নেওয়ার সময় এসেছে। সম্প্রতি, নিজের ব্লগে এমনই অভিব্যক্তি প্রকাশ করেছেন বিগ বি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সম্প্রতি নিজের অবসর নিয়ে কিছু কথা লিখেছেন অমিতাভ বচ্চন। এই প্রসঙ্গেই বিগ বি লিখেছেন, 'এই ছোট্ট অথচ সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমার ১২ ঘণ্টা সময় লেগে গেল। এখানকার রাস্তা এক্কেবারেই ভালো নয়। এখানকার পরিবেশ থাকার ঘর সবকিছুই আলাদা। মনে হচ্ছে আমার এবার অবসর নেওয়ার সময় এসেছে। আমার মস্তিস্ক যা বলছে হাতের আঙুলগুলি তা মেনে এক্কেবারেই কাজ করছে না। তবে এটাকেই বার্তা হিসাবে ধরে নেওয়া যেতে পারে।'
এখন অমিতাভ বচ্চন আছেন মানালিতে। আগামী কয়েক দিন তিনি সেখানেই থাকবেন। 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিং করছেন। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছুটবেন দেশের বাইরে। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবির কিছু অংশের শুটিং হবে সেখানে।
নিজের ব্লগে অমিতাভ এই বার্তা দেওয়ার পরই সিনে দুনিয়া থেকে তার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানান মতামত প্রকাশ করেছেন।
- বিষয় :
- অমিতাভ বচ্চন
- বিনোদন
