‘আমরা হুটহাট বাচ্চাদের মতো ছবি বানাই, সেগুলো মুখ থুবড়ে পড়ে’
রাসলে আজাদ বদ্যিুৎ
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০১:২০ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০১:২১
এনামুল করিম নির্ঝর। চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, সুরকার ও স্থপতি। সম্প্রতি 'ব্যাপার' নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এ ছাড়া স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আরও আটটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। নতুন চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
১২ বছর পর নতুন ছবির ঘোষণা দিলেন। ছবি নির্মাণে এতটা সময় নেওয়ার কারণ কী?
আমরা হুটহাট বাচ্চাদের মতো করে ছবি বানাই। যার বেশিরভাগ মুখ থুবড়ে পড়ে। তাই কী ছবি বানাব? কে দেখবে সে ছবি? দেখার পর ছবি নিয়ে দর্শকের কী প্রতিক্রিয়া হবে- এসব ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে গেছে। তা ছাড়া আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থাও এখন খারাপ। কোটি টাকা লগ্নি করে অনেকে তা তুলে আনতে পারছেন না। তাই আমরা চেয়েছি নির্দিষ্ট বাজেটের মধ্যে কিছু ছবি বানাতে। যেখানে আমাদের গল্পগুলো ভিন্নভাবে তুলে ধরতে চেয়েছি। সে ছবিগুলো কেমন হতে পারে, এরই উদাহরণ 'ব্যাপার' ও নাইন স্টেপের অন্য ছবিগুলো।
'ব্যাপার' ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে?
ছবি মুক্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। টিজার প্রকাশের দিন আমরা বলে দিয়েছি কোনো এক সাবালক সময়ে ছবিটি মুক্তি দেওয়া হবে।
সাবালক সময় বলতে কোন সময়টা বুঝিয়েছেন?
যখন অনেকে বলবেন ছবিটি এখন মুক্তি দেওয়া যায়, ঠিক সেই সময়ে 'ব্যাপার' মুক্তি দেওয়া হবে। ছবি মুক্তির আগে আমরা কিছু অভিভাবক ও তরুণের সঙ্গে আলোচনা করব, তাদের মতামত নেব। মিডিয়ার লোকদের সঙ্গে মতবিনিময় করব। এর পরই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। যদিও আমরা চাইছি, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটি মুক্তি দিতে। কিন্তু তারিখ এখন অনির্ধারিত।
'ব্যাপার' ছাড়াও আরও আটটি ছবির কাজ করছেন, সব ছবিই কি একই বছরে মুক্তি পাবে?
আমাদের ইচ্ছা ২০২১ সালের আগে ও পরে বিভিন্ন সময়ে ছবিগুলো মুক্তি দেওয়ার। ছবি নির্মাণ ও মুক্তির বিষয়ে আমরা একটা ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এটা করতে চাই, যারা ভালো কাজ জানার পরও বসে আছেন, তারা যেন নিয়মিত কিছু করার সুযোগ পান।
চলচ্চিত্র ব্যবসায় কোনো নিশ্চয়তা নেই। এটা জেনেও নিজ অর্থে ৯টি ছবি নির্মাণে সাহসী হলেন কীভাবে?
আমি সবসময় চেয়েছি, দেশের জন্য কিছু করার। কারণ একাত্তরে মুক্তিযুদ্ধ করতে পারিনি বলে আমার এক ধরনের দুঃখবোধ আছে। তখন বয়স কম ছিল, তাই কিছু করতে পারিনি। এখন পরিণত বয়সে এসে চাইছি, দেশের জন্য কিছু কাজ করতে। তাই স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, সুরকার, কাহিনিকার হিসেবে নানা ধরনের কাজ করে যাচ্ছি। এখন চলচ্চিত্র অঙ্গনে সময়টা ভালো যাচ্ছে না। তাই যতটা না ব্যবসার স্বার্থে, তার চেয়ে বেশি ভালো কিছু করার প্রয়াসে একসঙ্গে ৯টি ছবির কাজ শুরু করা।
গানশালা নিয়েও কি একই ধরনের পরিকল্পনা আছে?
হ্যাঁ, তরুণ শিল্পী ও মিউজিশিয়ানরা মৌলিক গানের মধ্য দিয়ে নিজস্ব পরিচিতি গড়ে তুলুক- এটাই চাই। যে জন্য দেড়শ' গান লেখার পাশাপাশি সুর করেছি। ভিন্নধর্মী সংগীতায়োজনে সেগুলো রেকর্ড করে একে একে গানশালা থেকে প্রকাশ করা হবে।
- বিষয় :
- এনামুল করিম নির্ঝর
