কলকাতায় এক হলো দুই ব্যান্ড
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০১:৩৬
'কলকাতা সবলা মেলা'য় গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলাদেশের ব্যান্ড তারকা মাকসুদ। সম্প্রতি এ মেলা অনুষ্ঠিত হয়। ওপার বাংলার ব্যান্ড 'সহজিয়া'র সঙ্গে এক মঞ্চে গান করেন মাকসুদ। ভারত-বাংলাদেশের এই মৈত্রীর সাংস্কৃতিক বন্ধনের সাক্ষী থাকলেন কয়েক হাজার দর্শক।
অনুষ্ঠানে মাকসুদ পরিবেশন করেন 'মৌসুমী', 'এমনি করে সবাই যাবে', 'কেন এলে না', 'চিঠি'র মতো বিখ্যাত গান। মাকসুদের কণ্ঠ ও আবেদনে দর্শকরা যেন ভেসে বেড়িয়েছেন সেই নব্বই দশকের নষ্টালজিয়ায়। সহজিয়াও সেদিন নিজস্ব ঘরানার বাইরে গিয়ে বাংলাদেশের বিখ্যাত গান 'সেই তুমি কেন এত অচেনা হলে' গেয়ে প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানায়।
এ ছাড়াও প্রতিমা বড়ুয়ার গাওয়া 'মাহুত বন্ধুরে' এবং রাধারমণ দত্তের 'ভ্রমর কইও গিয়া' গান দুটি রক মিউজিকের ধারায় পরিবেশন করে। সেই সঙ্গে বিখ্যাত গান 'মেলায় যাইরে' তো ছিলই। তাদের এই যৌথ পারফরম্যান্স সহজেই মন জয় করে শ্রোতাদের। অনুষ্ঠানে সহজিয়ার সঙ্গে যৌথভাবে মাকসুদ গেয়েছেন প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গান 'ভালো আছি ভালো থেকো'।
সত্তরের দশকে গিটার হাতে সুর তুলেছিলেন মাকসুদ। ১৯৭৫ সালে কলকাতায় গৌতম চট্টোপাধ্যায় এবং 'মহীনের ঘোড়াগুলি' তখন সবেমাত্র বাংলা ব্যান্ড সঙ্গীতের সূচনা করছে। তখনই ১৯৭৬ সালে ঢাকায় মাকসুদের হাত ধরে তৈরি হয় 'ফিডব্যাক'।
- বিষয় :
- মাকসুদ ও ঢাকা ব্যান্ড
- বিনোদন
