মধ্যরাতে পরীমণি গেলেন ইলিশ খেতে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:১৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৩৩
জীবনকে উপভোগ করে যেতে চান পরীমণি। তাই যাপিত জীবন নিজের মতো করেই কাটাচ্ছেন তিনি। যখন যা খুশি করেন, ঘোরেন,ফিরেন ও মাস্তি করেন। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকার এমনটিই বলেছিলেন ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা।
পরীমণিকে যারা ফলো করেন তারা একবাক্যে স্বীকার যাবেন আসলেই জীবনকে উপভোগ করে যাচ্ছেন তিনি। আনন্দ নিয়ে জীবন যাপন করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে জীবন উদযাপনে নতুন সঙ্গী যুক্ত হয়েছে তার। সেটা তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। পরীমণি জানিয়েছিলেন,আমিও পাগাল শরীফুলও পাগল। দুই পাগল মিলে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মানে বিয়ে করেছেন।
কয়েকদিন আগেই পরীমণি ও তার স্বামী শরীফুল রাজ জ্বর এবং ঠান্ডায় আক্রান্ত ছিলেন। সেসময় বাড়িতেই থাকতে হয় তাদের। সুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ পর বাসা থেকে বের হন তারা। ইলিশের টানে ছুটে যান মাওয়া ঘাটে। পরীমনি জানান, রাতের সেই বেড়ানোটা ছিল বেশ আনন্দের।
সেই ভ্রমণ নিয়ে পরীমনি বলেন, অসুস্থতার কারণে অনেকদিন বাসায় ছিলাম। এ কারণে দম বন্ধ হয়ে আসছিলো। হুট করেই সিদ্ধান্ত নেই মাওয়া যাবো, আর কথা মতোই সেই কাজ। পারিবারিক কয়েকজন বন্ধু এবং রাজকে নিয়ে চলে যাই সেখানে। যাওয়ার পথে ফাঁকা রাস্তায় কয়েক জায়গায় নেমেছি, অনেক ছবি তুলেছি। আর মাওয়া যাব আর ইলিশ খাব না, তা কি হয়? ইলিশের কয়েকটা পদ খেয়েছি।
তখন থেকে অনেক সতর্ক জীবন যাপন করছেন পরীমণি। চিকিৎসকের পরামর্শমতো চলছেন। ছায়ার মতো তাকে সঙ্গ দিচ্ছেন রাজ। পরীমনি বলেন, রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন। সব সময়ই আমাকে ছায়া দিয়ে রেখেছে সে। অনেক কেয়ার করে। প্রায়ই আমাকে খাইয়ে দেয়। এই যে কিছুক্ষণ আগে কালো ভুনা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে।
অন্তঃসত্ত্বা হওয়ার পর পরীমণি নিজেই বলেছিলেন, আগামী দেড় বছর কোনো কাজ করবেন না। এ কারণে তার হাতের ছবিগুলো আটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন পরিচালক-প্রযোজকেরা। বিষয়টি পরিষ্কার করে পরীমনি বলেন, চয়নিকা চৌধুরীর ওয়েব সিরিজ ‘কাগজের বিয়ে’ শেষ করলাম। অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার বাকি কাজও শেষ করব আশা করছি।
