হাতের যত্নে...
তাসনিম প্রভা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ত্বকের যত্ন নিতে সবাই কত কী না করেন। মুখে বয়সের ছাপ, সূক্ষ্ম রেখা, বলিরেখা আটকাতে চেষ্টারও কোনো ত্রুটি থাকে না; কিন্তু মুখের ত্বক নিটোল রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই শরীরের অন্য অঙ্গগুলোকে অবহেলা করা হয়। অথচ সেই অংশগুলোয় পড়তে পারে বয়সের ছাপ। যেমন হাতের কথাই ধরা যাক। হাতের ওপর দিয়ে সারাদিন এত ধকল যায় যে মুখের আগে শরীরের এ অংশে বয়সের ছাপ সহজেই চোখে পড়ে। তাই মুখের মতোই হাতের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।
নিত্যদিনের ব্যস্ততা এবং বিভিন্ন কাজের চাপে হাতে রুক্ষতা চলে আসে। এই রুক্ষতা থেকে মুক্তি এবং হাতের ত্বক সজীব রাখতে মেনিকিউর অনেক কার্যকর। তবে ব্যস্ততার কারণে সবসময় পার্লারে গিয়ে অনেকের পক্ষে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় নয়। সে ক্ষেত্রে ঘরে বসেই কীভাবে হাতের সৌন্দর্য বজায় রাখতে পারবেন, তা জানা থাকলে যত্ন নেওয়া সহজ হয়। সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে নিজের হাত আরও বেশি আকর্ষণীয়, কোমল ও উজ্জ্বল রাখার চেষ্টা করতে পারেন। ঘরে ব্যবহৃত এমন কিছু উপাদান আছে, যা দিয়ে খুব সহজেই হাতের সৌন্দর্য বজায় রাখা সম্ভব।
হাতের যত্ন নিয়ে বিউটি এক্সপার্ট শোভন’স মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘ঘরোয়াভাবে এই পদ্ধতি অনুসরণ করে যত্ন করলে মেনিকিউর না করেও হাতের সৌন্দর্য বহুগুণ ধরে রাখা সম্ভব। এ ছাড়া স্ক্রাবিং ক্ষেত্রে দই ও চিনির তৈরি মিশ্রণ ব্যবহার করলে উপকার পাওয়া যায়। টক দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তাই প্যাক ব্যবহারের আগে এ পদ্ধতিতে স্ক্রাব করলে আরও ভালো ফল পাওয়া যাবে। এ ছাড়া নখের ক্ষেত্রে অলিভ অয়েল বেশি কার্যকর; তবে অলিভ অয়েল হাতের কাছে না থাকলে অল্প পরিমাণ গ্লিসারিন ব্যবহার করা যাবে। পোড়া দাগ নিরাময়ের জন্য লেবু ও মধুর মিশ্রণটি দেওয়ার আগে কোল্ডপ্রেস কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করলে দিগুণ ফল পাওয়া যাবে।’ নিয়ম করে এ পদ্ধতিগুলো অনুসরণ করলে হাত, নখ ও হাতের ত্বক হয়ে উঠবে আরও বেশি লাবণ্যময়।
হাতের যত্নে আরও কিছু টিপস
• হাতের রোদের পোড়া দাগ কমাতে জাদুকরি দুটি ঘরোয়া উপাদান লেবু ও মধু। অর্ধেক লেবুর রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে হাতে ব্যবহার করলে রোদে পোড়া দাগ কমে যায়।
• হাতের ছোপ ছোপ দাগ দূর করতে কাঁচা হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে দাগ দূর হয়ে ঔজ্জ্বল্য ফিরে আসে।
• হাতের রুক্ষতা দূর করতে তাজা অ্যালোভেরা জেল নিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করলে কোমলতা বৃদ্ধি পাবে।
• হাতের চামড়ার ভাঁজ এড়াতে ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করতে পারেন কিংবা গ্লিসারিনও ব্যবহার করতে পারেন।
• নখ হাতের সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে থাকে; তাই নখের যত্নে রাতে ঘুমানোর আগে হালকা গ্লিসারিন ব্যবহার করলে এটি সারারাত নখের পাশের রুক্ষতা দূর করে সতেজ করে তোলে।
• রান্নাঘরের কাজের সময় রেগুলার হ্যান্ড গ্লাভস ব্যবহার করলে হাতের ত্বক খসখসে হওয়া প্রতিরোধ হবে। এ ছাড়া কাটা-ছেঁড়া থেকেও হাত সুরক্ষিত থাকবে।
• সপ্তাহে দু’দিন হ্যান্ড স্ক্রাব ব্যবহার করলে হাতের ত্বকের মৃত কোষ দূর করে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।
• সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকতে মুখের পাশাপাশি হাতেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি, এতে বয়সের ছাপ পড়ে না।
• হাতের আর্দ্রতা ধরে রাখতে নিয়ম করে অলিভ অয়েল ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।
• কুসুম গরম পানিতে ১০ মিনিট চুবিয়ে রাখলে হাতের ত্বক ও নখ রিল্যাক্স হতে সাহায্য করে।
• চন্দন গুঁড়া আর গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করলে হাতের কোষ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ঘরোয়াভাবে এসব পদ্ধতি নিয়মিত অনুসরণ করে যত্ন করলে ম্যানিকিউর না করেও হাতের সৌন্দর্য ধরে রাখা সম্ভব।
মডেল : অ্যাঞ্জেলা
ছবি : শৈলী
- বিষয় :
- হাতের যত্ন
- টিপস
