ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারত সফরে যাওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণে গলফাররা

ভারত সফরে যাওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণে গলফাররা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৩:৪৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৩:৫৪

এক মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর অবনতি হয়েছে বাংলাদেশ-ভারত ক্রীড়া সম্পর্কের। নিরাপত্তার কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ক্রিকেট নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তপ্ত সম্পর্কের প্রভাব পড়তে যাচ্ছে অন্য খেলাতেও। বিশেষ করে আগামী মাসে ভারতের ১৩ শহরে শুরু হতে যাওয়া প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে অংশ নেওয়ার কথা বাংলাদেশের গলফারদের। 

এই প্রতিযোগিতার বাছাইপর্ব আগামী সপ্তাহে শুরু হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের গলফাররা ভারতে খেলতে যাবেন কিনা, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। আবার এই টুর্নামেন্টে বাংলাদেশিদের খেলতে অনুমতি দেয় কিনা ভারত সরকার, সেটা নিয়েও চিন্তিত দেশের গলফাররা। তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি প্রতিকূলে থাকলে ভারতে যাবেন না বলে গতকাল সমকালকে জানান দেশের অন্যতম তারকা গলফার জামাল হোসেন। তিনি ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা মো. আকবর হোসেন ও বাদল হোসেনের।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব পিজিটিআইয়ের সভাপতি। বাংলাদেশি গলফারদের প্রফেশনাল ট্যুর অব ইন্ডিয়াতে খেলার অনুমতি দেওয়া না দেওয়া নিয়ে চলছে আলোচনা। তবে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বাংলাদেশি গলফারদের নিয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। আবার বাংলাদেশের গলফাররাও বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চান। জামাল, আকবর ও বাদল সরাসরি খেলবেন প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টের জন্য কোয়ালিফিকেশন প্রতিযোগিতায় খেলার কথা বাংলাদেশের আটজনের। 

যদি আয়োজকদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যায় আর ভারতের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্কের বরফ গলে, তাহলে টুর্নামেন্টে খেলতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন জামাল, ‘টুর্নামেন্ট শুরু হতে এখনও দেড় মাসের মতো বাকি। এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। আশা করি, বর্তমানে যে খারাপ পরিস্থিতি যাচ্ছে, তা কেটে যাবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতি খারাপ থাকে, তাহলে টুর্নামেন্টে খেলব না। প্রয়োজনে এই বছর কোনো খেলাই খেলব না। আগে তো জীবন। বেঁচে থাকলে অনেক টুর্নামেন্ট খেলতে পারব, টাকাও আয় করতে পারব।’ 

গলফারদের জন্য আলাদা কোনো নিরাপত্তা না থাকার বিষয়টি উঠে এসেছে জামালের কণ্ঠে, ‘আপনি দেখেন ক্রিকেট দলের জন্য কিন্তু আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে। তার পরও তারা নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। কিন্তু আমাদের গলফারদের জন্য তো আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে না। যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, এই দায়টা তো কেউ নিবে না। তাই আমি আবার বলছি পরিস্থিতির ওপর নির্ভর করছে ভারতে খেলা। আর আয়োজকরা তো আমাদের না বলেনি। সুতরাং এই মুহূর্তে ভারতে যাব না– এই কথাটি বলতে পারছি না।’

আরও পড়ুন

×