উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সচেতনতা ও করণীয়
ডা. মো. রফিকুল ইসলাম
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে নীরব ঘাতক বলা হয়। কারণ, অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই এটি শরীরের ভেতরে ক্ষতি করতে থাকে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে স্ট্রোক, হৃদরোগ, কিডনি বিকল হওয়া ও চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সচেতনতা অত্যন্ত জরুরি।
অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপের প্রধান কারণের একটি। প্রতিদিনের খাবারে অতিরিক্ত লবণ, আচার, প্রক্রিয়াজাত খাবার ও ফাস্টফুড রক্তচাপ বাড়িয়ে দেয়। রান্নায় লবণের পরিমাণ কমানো এবং খাবারের সঙ্গে আলাদা লবণ না খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
শারীরিক পরিশ্রমের অভাবও রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা রাখে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা যোগব্যায়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। অতিরিক্ত ওজন থাকলে তা কমানো জরুরি। কারণ, স্থূলতা উচ্চ রক্তচাপের ঝুঁকি বহু গুণ বাড়ায়। মানসিক চাপ, অনিদ্রা ও অতিরিক্ত দুশ্চিন্তা রক্তচাপ বাড়াতে পারে। পর্যাপ্ত ঘুম, সময় ব্যবস্থাপনা এবং মানসিক প্রশান্তির চর্চা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন বিশ্বব্যাপী স্বীকৃত। এই খাদ্যতালিকায় পটাশিয়ামসমৃদ্ধ খাবার, যেমন– কলা, ডাবের পানি ও টমেটো রাখার পরামর্শ দেওয়া হয়। অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘ সময় একই ওষুধ খেয়ে যান, যা ঠিক নয়। ডাক্তারের চেম্বারে গেলে দুশ্চিন্তায় রক্তচাপ বেড়ে যাওয়ার বিষয়টিও খেয়াল রাখতে হবে। তাই শান্ত পরিবেশে ঘরে বসে কয়েকবার রক্তচাপ মেপে গড় ফল নেওয়া অধিকতর নির্ভরযোগ্য।
লেখক: মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
- বিষয় :
- উচ্চ রক্তচাপ
