ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছুঁইছুঁই

এক দিনে ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছুঁইছুঁই
×

হাম ও উপসর্গ নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি শিশুদের সঙ্গে অভিভাবকরা। ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৮:৫৯ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ০৯:২০

| প্রিন্ট সংস্করণ

দেশে অতিসংক্রামক হাম রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ সপ্তাহে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৮ জনে দাঁড়িয়েছে।

হামবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৮৯৩ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

গত ফেব্রুয়ারি থেকে দেশে হামের সংক্রমণ শুরু হলেও মার্চে তা ব্যাপক বিস্তার লাভ করে। ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগী, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২ এপ্রিল থেকে গণমাধ্যমকে এ-সংক্রান্ত দৈনিক হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ ভাইরাসজনিত রোগের উপসর্গ নিয়ে দেশে ৬০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম শনাক্ত হওয়া ৯৩ জন রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৬২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৬, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৩২৪ জন, রাজশাহীতে ৪৫, সিলেটে ৫৫, চট্টগ্রামে ২১১, বরিশালে ১২১, ময়মনসিংহে ৫২, খুলনায় ৩৮ এবং রংপুরে ১৫ জন ভর্তি হয়েছেন। গত ১৫ মার্চ থেকে দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪৯৭ জনে। এর মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের শরীরে।

আরও পড়ুন

×