আক্কেল দাঁত কখন তোলা উচিত
ডা. মেহেদী হাসান শিবলি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৮:৪৯
আক্কেল দাঁত ওঠার যন্ত্রণা অনেকের ক্ষেত্রে ভয়াবহ হয়ে দাঁড়ায়। মুখের ভেতরে বেকায়দায় দাঁত ওঠা, ব্যথা, ক্যাভিটি, প্রদাহ বা সংলগ্ন অন্য দাঁত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তা তুলে ফেলার প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসক বা মেক্সিলোফেসিয়াল সার্জন পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেন।
আক্কেল দাঁত কী?
সাধারণত ১৭ থেকে ২৫ বছরের মধ্যে ওপরের ও নিচের– উভয় চোয়ালের তৃতীয় দাঁতগুলো ওঠে। এগুলোর সংখ্যা চারটি, যাদের মেডিকেলের পরিভাষায় ‘থার্ড মোলার টুথ’ বলা হয়।
কখন ব্যথা হয়?
প্রতিটি দাঁত উঠতে পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয়। চোয়াল ছোট হলে বা সঠিক স্থানে দাঁত না উঠলে প্রয়োজনীয় স্থান সংকুলান না হওয়ায় দাঁত ওঠার সময় চারপাশের চাপে ব্যথা অনুভূত হয়। অনেক ক্ষেত্রে ব্যথা সহনীয় হলেও ইনফেকশন বা প্রদাহজনিত পরিস্থিতিতে তা গুরুতর হতে পারে।
দাঁত কখন তোলা হয়?
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পর্যাপ্ত বয়স ও ইনফেকশন বা প্রদাহের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর দাঁত তোলা যেতে পারে। সার্জিক্যাল ও নন-সার্জিক্যাল– এ দুটি পদ্ধতিতে দাঁত তোলা হয়। দাঁত তোলার পর ২৪ ঘণ্টা নরম খাবার খাওয়া, গরম খাবার এড়িয়ে চলা এবং পরবর্তী ২৪ ঘণ্টা লবণ-পানি দিয়ে কুলকুচি করা প্রয়োজন। সার্জিক্যাল এক্সট্রাকশনের ক্ষেত্রে সাময়িকভাবে মুখ হাঁ করা বা জোরে হাসা নিষেধ থাকে।
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক
- বিষয় :
- দাঁতের যত্ন
