দেনমোহরে বই উপহার নিয়ে দৃষ্টান্ত তৈরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০২:৪২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০২:৪৩
মুসলিম বিয়েতে ‘দেনমোহর’ আদায় নারীর অধিকার হিসেবে ধরা হয়। বিয়েতে দেনমোহর হিসেবে নারীরা সাধারণত টাকা, গহনা, বাড়ি অথবা দামি কোনো কিছু উপহার হিসেবে পান। তবে সম্প্রতি এক কনে বিয়ের দেনমোহর হিসেবে স্বামীর কাছে বই দাবি করে আলোচিত হয়ে উঠেছেন।

ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। আজনা নিজাম নামের ওই কনের গত বছরের অক্টোবরে ইজহাস হাকিম নামের এক ব্যক্তির সঙ্গে বাগদান সম্পন্ন হয়। এরপরে বিয়েতে দেনমোহর হিসেবে আজনা তার হবু স্বামীর কাছে ৮০ টি বই দাবি করেন।
হবু স্বামী বিস্মিত হলেও হবু স্ত্রীর দাবি পূরণে বিয়ের দিন উপহার হিসেবে বই কেনেন। তবে স্ত্রীর চাহিদার সঙ্গে আরও ২০ টি বই যোগ করে মোট ১০০ টি বই উপহার দেন স্ত্রীকে।
জানা গেছে, প্রথা ভাঙার কারণে অনেকেই বর-কনের ওপর বিরক্ত হলেও বরের পরিবার বিষয়টি পুরো সমর্থন করেছেন।
ব্যতিক্রমী এ বিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হলেও সম্প্রতি বইবেষ্টিত আজনার একটি ছবি ইন্টারনেটে বেশ প্রশংসা কুড়াচ্ছে। আজনার উপহার পাওয়া বইয়ের মধ্যে বাইবেল, কোরআন, গীতাসহ ভারতীয় সংবিধানেরও অনেক বই দেখা গেছে।
দেনমোহর হিসেবে বই চাওয়া কনে আজনাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ভারতের আরেক কনে ‘দেনমোহর’ হিসেবে ৫০ টি বই দাবি করেছিলেন বলে জানা গেছে। নূত্র : এনডিটিভি
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া
- দেনমোহর
- বই
