ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেআরসি বৈঠক

তিস্তা চুক্তিসহ বন্যার তথ্য বিনিময় ও নদীর তীর সংরক্ষণ নিয়ে আলোচনা

তিস্তা চুক্তিসহ বন্যার তথ্য বিনিময় ও নদীর তীর সংরক্ষণ নিয়ে আলোচনা
×

তিস্তা নদী- ছবি : ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ২২:৪৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ২৩:১১

একযুগ পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পানিসম্পদ মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশন বা জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে তিস্তা ছাড়াও গঙ্গা, মনু, মুহুরি, খোয়াই, গুমতি, ধরলা, দুধকুমার এবং কুশিয়ারা নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারত সরকারের বিবৃতি অনুসারে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। 

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে তিস্তা ছাড়াও ভারত থেকে বাংলাদেশে বয়ে যাওয়া অন্য নদীগুলোর বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে গঙ্গা, তিস্তা, মনু, মুহুরি, খোয়াই, গুমতি, ধরলা, দুধকুমার এবং কুশিয়ারা নিয়ে আলোচনা হয়েছে। বন্যার সময়ের তথ্য বিনিময় ছাড়াও নদী তীরবর্তী এলাকাকে সুরক্ষিত রাখা এবং সাধারণ অববাহিকা অঞ্চলের সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এতে বলা হয়, কুশিয়ারা নদী থেকে জল প্রত্যাহার করে নেওয়া সংক্রান্ত চুক্তিপত্রে সই করতে উদ্যোগী হতে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ভারতকে অনুরোধ করেছেন। ভারতের মন্ত্রী জানান বিষয়টি বিবেচনাধীন।

জানা যায়, ২০২৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তির মসৃণভাবে পুনর্নবীকরণ করা এবং বাংলাদেশে যাওয়া গঙ্গাজলের সর্বোচ্চ ব্যবহার করা নিয়ে সমীক্ষা করতে দু’পক্ষই সহমত হয়েছে। এ ছাড়া তিতাসের দূষণ দূর করার উদ্যোগ, ফেনি নদীর পানি ফিরিয়ে নিয়ে ত্রিপুরার সাবরুম শহরে বিশুদ্ধ জল সরবরাহ প্রকল্পে ব্যবহার করার মতো বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে দু’দেশের। এ বিষয়গুলি নিয়ে চূড়ান্ত সমঝোতা পত্র সই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়াদিল্লি সফরে।

প্রায় ১২ বছর মন্ত্রী পর্যায়ে ভারত বাংলাদেশ নদী কমিশনের বৈঠক হয়নি। তিস্তা চুক্তি রূপায়ণ নিয়ে দ্বিপাক্ষিক টালবাহানার ছায়া পড়েছিল নদী কমিশনে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রাক্কালে এ বৈঠক হওয়ার বিষয়টিকেই যথেষ্ট উৎসাহব্যঞ্জক হিসেবে দেখছেন দু’দেশের কর্তারা। 

গতকাল দুপুরে নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জহিদ ফারুখ ও উপমন্ত্রী এনামুল হক শামিমের সঙ্গে বৈঠকে বসেন ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। 

আরও পড়ুন

×