কেট মনে করাচ্ছেন ডায়ানাকে
কেটের পোশাক মনে করিয়েছে শাশুড়ি ডায়ানাকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৩:২২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৩:৩২
যুক্তরাজ্যের ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেজ অব ক্যামব্রিজ কেট মিডলটন পাঁচদিনের এক রাষ্ট্রীয় সফরে এখন পাকিস্তানে অবস্থান করছেন। তাদের সফরের এ খবর প্রতিনিয়ত স্থান পাচ্ছে বিশ্ব সংবাদমাধ্যমে। রাষ্ট্রীয় এ সফরে বিভিন্ন আলোচনার পাশাপাশি বিশ্ব মাধ্যমে গুরুত্ব পাচ্ছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের সাজ-পোশাক। অনেকেই তার আচার-আচরণ কিংবা সাজ-পোশাকে খুঁজে পাচ্ছেন শাশুড়ি প্রয়াত ডায়ানার প্রতিচ্ছবি।

রাষ্ট্রীয় এ সফরে নিজের পছন্দের ডিজাইনার ছাড়াও সাজ-পোশাকে কেট প্রাধান্য দিয়েছেন ওই দেশের ডিজাইনারদেরও। এর আগেও রাষ্ট্রীয় সফরে সফরকালীন দেশের ডিজাইনারদের তৈরি পোশাক পরে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
২০১৪ সালে উইলিয়াম আর কেট যখন নিউজিল্যাণ্ড এবং অষ্ট্রেলিয়া সফরে যান তখন নিউজিল্যাণ্ডের ডিজাইনার এমিলা উইকস্টিডের তৈরি পোশাক পরে ডুনেডিন গিয়েছিলেন কেট। আবার ২০১৬ সালে রাষ্ট্রীয় সফরে ভারত এবং ভুটানে ভ্রমণের সময় ভারতীয় ডিজাইনার আনিতা ডোংরের তৈরি পোশাক পরেছিলেন তিনি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বিমান থেকে নামার সময় কেটকে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজের আদলে বৃটেনের বিখ্যাত ডিজাইনার ক্যাথরিন ওয়াকারের তৈরি একটি জামা এবং ট্রাউজার পরিহিত অবস্থায় দেখা গেছে।
ওই সময় কেট পাকিস্তানি ‘জিন’ ব্রাণ্ডের একটা কানের দুলও পরেছিলেন। হাতে ছিল একই ব্রাণ্ডের ক্লাচ। গত মাসেও লণ্ডনে আগা খানের সঙ্গে একটি মিটিংয়ে কেট একই ব্রাণ্ডের সিরামিকের দুল পরেছিলেন।
‘জিন’ ব্রাণ্ডের পক্ষ থেকে ইনস্ট্রাগ্রামে কেটের ছবি পোস্ট করে আনন্দ প্রকাশ করা হয়েছে। তারা লিখেছে, বিমান থেকে পাকিস্তানে নামার সময় ডাচেজের হাতে আমাদের ব্রাণ্ডের ক্লাচ আর কানের দুল পরা দেখে আমরা সত্যিই আনন্দিত হয়েছি। তারা সেখানে কেটের রুচিরও প্রশংসা করেন।
ইসলামাবাদ মডেল মডেল গার্লস কলেজে পরিদর্শনের সময় কেটের পরনে ছিল পাকিস্তানি ডিজাইনার মাহিন খানের তৈরি নীল রঙের এব্রডারির কাজ করা কামিজ। সেই সঙ্গে মানানসই ট্রাউজার আর শিফনের স্কার্ফ। মাহিন খানও ডাচেজের রুচির প্রশংসা করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন।
একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্রিটিশ ডিজাইনার ক্যাথরিন ওয়াকারের তৈরি একটি সবুজ টিউনিকের সঙ্গে পাকিস্তানি ব্রাণ্ড ‘বনানজা সাতারঙ্গি’র তৈরি একটি শিফন ওড়না পরেছিলেন কেট। ওই ব্রাণ্ডও ইনস্টাগ্রামে কেটের রুচির প্রশংসা করেছেন। অবশ্য এদিন পাকিস্তানের ব্রিটিশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামও পাকিস্তানি একটি ব্রাণ্ডের শেরওয়ানি পরেছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের সঙ্গে দেখা করার সময় কেট যে পোশাক পরেছিলেন পরেছিলেন তাতে পাকিস্তানের পতাকাকে প্রাধান্য দিয়ে সবুজ ও সাদা রঙ অন্তর্ভুক্ত করেছিলেন। ২০১১ এবং ২০১৬ সালেও কানাডা সফরকালে ওই দেশের পতাকাকে গুরুত্ব দিয়ে কেট পোশাকের ক্ষেত্রে বারবার লাল আর সাদাকে প্রাধান্য দিয়েছিলেন।
অনেকেই কেটের পোশাকের বাছাইয়ের ধরনের সঙ্গে তার শাশুড়ি প্রয়াত প্রিন্সেস ডায়ানার মিল খুঁজে পাচ্ছেন। ১৯৯৬ সালে নিজের পাকিস্তান সফরের সময় ডায়ানা প্যাস্টেল নীল সালোয়ার কামিজে ছবি তোলেন। অন্যদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় কেট যখন বিমান থেকে নামেন তখন তার পরনের সালোয়ার কামিজ অনেককেই তার শাশুড়ি ডায়ানার কথা মনে করিয়েছে।
এ প্রসঙ্গে পাকিস্তানের লেখক এবং ফ্যাশন সমালোচক লালিন সুখেরা বলেন ‘ ডাচেজের ফিরোজা রঙের পোশাকটি পরা দেখে মনে হচ্ছিল তেইশ বছর পর ডায়ানা নতুনভাবে ফিরে এসেছেন। যে সংস্করণ একই সাথে পাকিস্তানি সংস্কৃতি এবং তার প্রয়াত শাশুড়ির এ দেশের প্রতি ভালোবাসার নিদর্শন প্রকাশ করছে।’ সূত্র : সিএনএন
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া
