শিশুদের হাত ধোয়াতে অভিনব কৌশল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ২২:১০ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ২২:১৮
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। এর সংক্রমণ এড়ানোর একটি উপায় হলো- সবসময় পরিচ্ছন্ন থাকা। এ দিকটির প্রতি খেয়াল রেখে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের হলসভাইল স্কুলের কর্তৃপক্ষ শিশু শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে বাঁচাতে একটি অভিনব কৌশল গ্রহণ করেছে। শিশু শিক্ষার্থীরা যাতে সারাদিন হাত পরিষ্কার রাখে, বার বার হাত ধোয় সে লক্ষ্যে তাদের হাতে সিল মেরে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই শিশুদের বলা হচ্ছে, দিনের শেষে কালির দাগ উঠে গেলে মিলবে পুরস্কারও।
স্কুলের শিক্ষিকা শাওনা উডস নিজের নাম লেখা রাবার স্ট্যাম্প দিয়ে প্রতিদিন সকালে সিল মেরে দেন শিশুদের হাতে। হাতে সিল মারার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি পোস্ট করেছেন। তাৎক্ষণিকভাবে এটি ভাইরাল হয়ে যায়। উডস তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'জীবাণু দূরে রাখতে সব রকম চেষ্টা চলছে।' হাত ধুতে ধুতে দিনের শেষে যার সেই দাগ মুছে যাবে সে পাবে বিশেষ পুরস্কার।
শিশুদের হাত জীবাণুমুক্ত রাখতে এমন অভিনব কৌশলের প্রশংসা করেছেন অনেকেই। উডসের সেই পোস্টটি ৫০ হাজারের বেশি লাইক পেয়েছে। পোস্টের নিচে জুটেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য। প্রায় ৭৬ হাজার বার পোস্টটি শেয়ার হয়েছে। যারা শেয়ার করছেন তারা করোনাভাইরাসের হাত থেকে মুক্ত থাকার উপায় হিসেবে পরিচ্ছন্ন থাকার বিষয়টি স্বজন ও পরিচিতজনের মাঝে ছড়িয়ে দিতে চাইছেন। পোস্টের নিচে বিভিন্ন মন্তব্যেও এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
একজন ওই পোস্টের নিচে মন্তব্য করেছেন, এ পোস্ট দেখার পর প্রতিদিন সকালে আমার শিশুর হাতেও স্ট্যাম্প দিয়ে সিল মারছি। আরেক জন লিখেছেন, আমি এখন কর্মস্থলে এ কৌশল কাজে লাগানোর কথা ভাবছি। কারণ আমি জেনেছি, শিশুদের চেয়ে পূর্ণবয়স্কদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, সবার হাতে একই স্ট্যাম্প ব্যবহার করলে জীবাণু ছড়াতে পারে। এ ক্ষেত্রে শাওনা উডসও সতর্ক। তিনি বলেন, প্রতিবার সিল মারার আগে শিশু শিক্ষার্থীদের হাত ধুয়ে আসতে বলা হয়। সূত্র: ডেইলি মেইল।
- বিষয় :
- অফবিট
- হাত ধোয়া
- শিশুর হাত ধোয়া
