করোনায় যুক্তরাজ্যে বহু প্রাণহানির আশঙ্কা মার্কিন গবেষকদের, ব্রিটিশ বিজ্ঞানীদের দ্বিমত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০০:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন জানিয়েছে, আগস্টের মধ্যে যুক্তরাজ্যে কোভিড -১৯ আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৩১৪জন মানুষের মৃত্যু হবে।
মঙ্গলবার এক গবেষণাপত্রের মাধ্যমে তারা এই তথ্য জানান। খবর সিএনএনের
তবে যুক্তেরাজ্যের বিজ্ঞানীরা এ ধরনের অনুমান নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন মহামারি নিয়ন্ত্রণে এরই মধ্যে সরকারের নেওয়া পদক্ষেপ এত প্রাণহানির হাত থেকে রক্ষা করবে দেশটিকে।
লন্ডন ইম্পিরিয়াল কলেজের এক গবেষণা বলছে, লকডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখার মতো উদ্যোগের কারণে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ থেকে ৩০ হাজারের মতোই সীমাবদ্ধ থাকবে।
এ ব্যাপারে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কোভিড -১৯-এ রয়েল স্ট্যাটিস্টিকাল সোসাইটি টাস্ক ফোর্সের সহ-সভাপতি সিলভিয়া রিচার্ডসন বলেছেন, মহামারিটি যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে তার ওপর ভিত্তি করে ওই গবেষণাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে মহামারির মডেলটি তৈরি করতে অন্য দেশের অভিজ্ঞতা ও পরিসংখ্যানগুলো ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের পদ্ধতি সাধারণত খুব সংবেদনশীল, অর্থাৎ নতুন তথ্য পেলে এই অনুমান নাটকীয়ভাবে পরিববর্তনও হতে পারে।
