ব্রিটিশ প্রধানমন্ত্রী সুস্থ হয়ে উঠছেন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধামন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বিছানায় উঠে বসতে পারছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন।
ব্রিটেনের সংস্কৃতিমন্ত্রী অলিভার ডওডেন বৃহস্পতিবার বিবিসিকে এ কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে একই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী রিশি সুনাক। তবে জনসনকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন। এরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়।
৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হলেও ভেন্টিলেটরে রাখা হয়নি বলে জানায় ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম।
সংস্কৃতিমন্ত্রী অলিভার ডওডেন বলেছেন, প্রধানমন্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
জনসন হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রীর নিয়মিত কাজগুলো দেখভাল করছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
উল্লেখ্য, গত শনিবার জনসনের অন্তঃসত্ত্বা বান্ধবী ক্যারি সাইমন্ডস করোনাভাইরাসে আক্রান্ত হন।ব্রিটেনে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু সাত হাজারের বেশি মানুষের।
