প্রেমিকাকে ফিরে পেতে অনশন!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০২:১৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০২:৩৩
দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশনের ঘটনা প্রায়ই ঘটছে। এবার ১২ বছর সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক যুবক। খবর সংবাদ প্রতিদিনের
ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনায়। জানা গেছে, জেলার নরেন্দ্রপুরের গড়িয়া নবগ্রামের বাসিন্দা বাবু মণ্ডলের সঙ্গে একই এলাকার তরুণী দেবযানীর ১২ বছর ধরে সম্পর্ক ছিল। কিন্তু তাদের এ সম্পর্ক কোনওদিনই মেনে নেয়নি ওই তরুণীর পরিবার। তারপরও তাদের সম্পর্ক কখনও নষ্ট হয়নি। কিন্তু বেশ কিছু দিন ধরে বাবুকে এড়িয়ে চলতে শুরু করে দেবযানী। একাধিকবার বিষয়টি নিয়ে প্রেমিকার সঙ্গে কথা বলেন বাবু। কিন্তু কোনও ভাবেই পুরনো সম্পর্ক জোড়া লাগাতে রাজি হননি ওই তরুণী। দেবযানী জানিয়ে দেন, পরিবারের অমতে বাবুকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এদিকে পরিবারের পছন্দে দেবযানীর বিয়ের খবরও ছড়িয়ে পড়ে এলাকায়।
এ অবস্থায় প্রেমিকাকে ফিরে পেতে বুধবার দেবযানীর বাড়ির সামনে অনশন শুরু করেন বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সরিয়ে দিলে বৃহস্পতিবার সকালে আবারও প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেন বাবু। এবারও পুলিশ তাকে সরিয়ে দেয়। কিন্তু প্রেমিকাকে ফিরে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন বাবু। এ বিষয়ে অবশ্য এখন পর্যন্ত দেবযানী ও তার পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাবু তার প্রেমিকাকে আদৌ ফিরে পাবে কি-না তা এখন সময়ই জানিয়ে দেবে।
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া
