সামাজিক দূরত্ব মেনে করোনা বাইক তৈরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৪:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য অভিনব বাইক তৈরি করে ফেললেন ত্রিপুরার বাসিন্দা পার্থ সাহা। ব্যাটারি চালিত এই বাইকে চালক এবং সওয়ারির মধ্যে এক মিটারের দূরত্ব বজায় থাকবে। তিন ঘণ্টা চার্জ দিলে এই বিশেষ বাইকে চেপে ৮০ কিলোমিটার যাওয়া যাবে।
আগরতলার আড়ালিয়ার বাসিন্দা পেশায় মেকানিক পার্থ সাহা এই অভিনব বাইকটি তৈরি করে ফেলেছেন। করোনা সংক্রমণ রুখতে বারবারই সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। সেকথা মাথায় রেখেই এই বাইক তৈরির ভাবনা এসেছিল ওই যুবকের মাথায়। খবর নিউজ ১৮ এর।
একবার চার্জ দিলে আশি কিলোমিটার যাওয়া যাবে এই বাইকে৷ পার্থবাবু জানিয়েছেন, এই বাইকে করেই এখন তিনি নিজের যাবতীয় জরুরি কাজ সারতে পারছেন। ভবিষ্যতে মেয়ের স্কুল খুললে তাকেও এই বাইকে বসিয়েই স্কুলে পৌঁছে দিতে পারবেন তিনি।
পার্থ বলেন, করোনা সংক্রমণ রুখতে দু' জন মানুষের মধ্যে অন্তত এক মিটারের দূরত্ব রাখতে বলা হয়েছে। সেকথা মাথায় রেখেই আমি এই বাইকটি তৈরি করেছি। সামনের এবং পিছনের আসনের মধ্যে এক মিটারের দূরত্ব রয়েছে। ফলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমবে।