ইরানের ৯০ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৯:৩৬
বৃহস্পতিবার ইরানের দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালী এলাকায় সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে নতুন দফায় আরও ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগের রাতেও ইরানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এই নিয়ে গত দুই দিনে ইরানে পৌনে দুই শরও বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন বোমাবর্ষণের ঘটনা ঘটল।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, নতুন দফার এই হামলায় ইরানের উপকূলরেখা বরাবর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সম্পদ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের স্থান, নৌ সক্ষমতা এবং সামরিক লজিস্টিক (সরবরাহ) অবকাঠামোসহ প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে নিশানা করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ বেসামরিক নাবিকদের ওপর হামলা করার ক্ষেত্রে ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে, তা হ্রাস ও ধ্বংস করতেই এই অতিরিক্ত দফা হামলা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
আগের রাতে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে বৃহস্পতিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত ৪টি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরানের রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি)। এর পরপরই মার্কিন বাহিনী আরও ৯০টি লক্ষ্যবস্তুতে এই নতুন দফার ধ্বংসাত্মক হামলা চালাল, যা পারস্য উপসাগরীয় অঞ্চলকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধ