ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গলা কেটে ফেলে গেল দুর্বৃত্তরা, রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইতে গিয়ে মৃত্য

গলা কেটে ফেলে গেল দুর্বৃত্তরা, রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইতে গিয়ে মৃত্য
×

ফাইল ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১০:২০ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১০:৪০

পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়াইলমারী এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যাত্রী নিয়ে ছাইকোলা এলাকায় যান। সেখান ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাছের পাশের একটি বাড়ির দরজায় গিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। পরে সেখানেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়। পরে তারা মরদেহটি নাছের আলীর বলে নিশ্চিত করেন।

সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

×