ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সময়সীমার সুযোগ কাজে লাগাতে ইউক্রেনে হামলা জোরদার মস্কোর

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সময়সীমার সুযোগ কাজে লাগাতে ইউক্রেনে হামলা জোরদার মস্কোর
×

শান্তি আলোচনা স্থবির হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া (ছবি-বিবিসি)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ০৯:৩১

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ দিনের সময়সীমা বেঁধে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে চাইছে মস্কো। আরও কঠোর নিষেধাজ্ঞার আগে এই বিরতিতে হামলা জোরদার করছে ক্রেমলিন। এতে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় দুর্গগুলো ক্রমবর্ধমানভাবে বিপদের মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের আরও তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

সিএনএনের খবরে বলা হয়েছে, কয়েকদিন বা সপ্তাহের মধ্যে রাশিয়া গ্রীষ্মকালীন আক্রমণ তীব্রতর করতে যাচ্ছে। এ জন্য ফ্রন্ট লাইনে এক লাখ ৬০ হাজার সৈন্য জড়ো করা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। গত দুই সপ্তাহে দেশটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। পূর্ব ফ্রন্ট লাইনের তিনটি গুরুত্বপূর্ণ শহর– পোকরোভস্ক, কোস্টিয়ান্টিনিভকা ও কুপিয়ানস্কে ইউক্রেনীয় সৈন্যদের কোণঠাসা করে অবস্থান দৃঢ় করেছে রুশ বাহিনী। 

ট্রাম্পের নতুন সময়সীমায় ক্রেমলিন বিচলিত হয়নি বলে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন। তিনি বলেন, ‘৫০ দিন, এটি ২৪ ঘণ্টা ছিল, ১০০ দিন ছিল। আমরা এই সবকিছুর মধ্য দিয়ে গেছি।’ 

বিশ্লেষকরা বলেছেন, নতুন সময়সীমায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক প্রভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লন্ডনভিত্তিক থিংক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের কেয়ার গাইলস বলেন, ৫০ দিনের সময়সীমা কূটনৈতিক মঞ্চে মস্কোর জন্যও সুযোগ করে দিয়েছে। এটি তাদের বিকল্প পরিকল্পনা তৈরি এবং আবারও ওয়াশিংটনকে একটি কূটনৈতিক কৌশলের মাধ্যমে পরাজিত করার জন্য প্রচুর সময় করে দিয়েছে। পুতিনের জন্য ট্রাম্পের কল্পনাপ্রসূত সময়সীমার সর্বশেষ বর্ধিতকরণ ইউক্রেনের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। 

নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিজ সেন্টার থিংক ট্যাঙ্কের পররাষ্ট্রনীতির প্রধান জন লফ বলেন, গ্রীষ্মকালীন আক্রমণ সম্ভবত বেশ কয়েক মাস ধরেই চলছে। রুশরা নিঃসন্দেহে স্থল ও আকাশ উভয় ক্ষেত্রেই তাদের প্রচেষ্টা তীব্রতর করছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, নতুন যে তিনটি গ্রাম দখল করা হয়েছে সেগুলো হলো– ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের কামিয়ানস্কে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের দেখতিয়ারনে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পোপিভ ইয়ার।

এদিকে রাজধানী মস্কো ও সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ইউক্রেন ১২২টি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোররাতে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন

×