ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুজলে দিদারুলকে শেষবিদায়
দিদারুল ইসলামের কফিন নিয়ে যাওয়ার পথে সড়কের পাশে দাঁড়িয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ১৪:৪৪
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে চিরবিদায় জানালো নিউইয়র্ক।
বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে নিহত দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পেনশন ও অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবে।

দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতা-সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম।

গেল সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সি পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে। সূত্র-নিউইয়র্ক টামস, রয়টার্স
