দুবাইতে ২ কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি দর্জি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১৪:৪৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১৬:২৬
দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি এক দর্জি। এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট।
লটারি জয়ী ওই বাংলাদেশি হলেন সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। খবর খালেজ টাইমসের
নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, 'আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। তবে বন্ধু-বান্ধবের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। পরে ভাবলাম, আমি কেন একটা সুযোগ নেব না। এরপর আবুধাবি যাই এবং সেখান থেকে টিকেট কিনি।'
সবুজ আরও বলেন, 'লটারি জেতার খবরে হতবাক হয়েছি। আমি একজন সাধারণ দর্জি। বেতন খুবই কম। তাহলে চিন্তা করেন সেই সময় আমার অনুভূতি কেমন ছিল!’ এই লটারি জেতা আমার এবং পরিবারের ভবিষ্যত ব্যাপকভাবে বদলে দেবে।'
এই মাসে শুধু সবুজই ভাগ্যবান না, আরেক বাংলাদেশি লটারি জিতেছেন। তিনি ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করেন। তার চেষ্টাও সফল হয়েছে। পারভেজ আনোয়ার হোসেন নামের এই বাংলাদেশির বয়স ৪২ বছর। তিনি একজন ব্যবসায়ী। পারভেজ রেঞ্জ রোভার ব্র্যান্ডের ভেলার মডেলের একটি গাড়ি জিতেছেন।
পারভেজ জানান, এক বন্ধুর সঙ্গে তিনি শারজাহ থেকে প্রতি মাসে একবার আবুধাবি আসেন। একটি দোকান থেকে তিনি লটারির টিকিট কেনেন। পারভেজ বলেন, 'চার বছর ধরে আমি প্রতি মাসে শারজাহ থেকে দু্বাই গিয়ে টিকেট কিনি। অবশেষে গাড়ি জিতেছি।'
