যুক্তরাজ্যে কঠোর হচ্ছে অভিবাসন নীতি
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:৩৪
যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরও কঠোর শর্ত চালু হতে যাচ্ছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নতুন নীতিমালার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। নতুন বিধানের মধ্যে থাকছে অভিবাসনপ্রত্যাশীদের কর্মরত থাকার বাধ্যবাধকতা। পাশাপাশি, তারা কোনো ধরনের বিশেষ সুবিধা বা ‘ভাতা’ পেয়ে থাকলে (যেমন বেকার ভাতা) অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন না। এমনকি, কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অভিজ্ঞতারও প্রয়োজন হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপির।
বর্তমান আইন অনুসারে, যুক্তরাজ্যে আগে থেকে বৈধভাবে বসবাস করছেন বা নাগরিকত্ব নিয়ে থাকছেন– এমন কোনো ব্যক্তির পরিবারের কোনো সদস্য যদি পাঁচ বছর ওই দেশে থাকেন, তাহলে তিনি পিআরের (অনির্দিষ্টকালের জন্য ওই দেশে বসবাসের অনুমতি) যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি, যে কোনো ধরনের ভিসায় যুক্তরাজ্যে ১০ বছর থাকলেও পিআরের জন্য আবেদন করা যায়। যারা এই যোগ্যতা অর্জন করেন, তারা একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাস, কাজ ও পড়ালেখা করার অনুমতি পান। একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারবেন। তবে ওই নীতি থেকে সরে আসছে দেশটি।
অভিবাসনের যোগ্যতা অর্জন করতে হলে বিদ্যমান শর্তের পাশাপাশি নতুন শর্ত হিসেবে যোগ হবে: সামাজিক সুরক্ষায় অবদান রাখা। কোনো ধরনের ভাতা/সুযোগ-সুবিধা না নেওয়া। কোনো ধরনের ফৌজদারি অপরাধের রেকর্ড না থাকা এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা।
ক্ষমতাসীন লেবার পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা উপস্থাপন করবেন শাবানা। বছরের শেষ ভাগে এটা নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাম্প্রতিক জনমত জরিপগুলোয় লেবার পার্টিকে পেছনে ফেলেছে কট্টর ডানপন্থি রিফর্ম পার্টি। দলটি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে ‘পিআর’ বাতিল করবে। অর্থাৎ, কেউ আর নাগরিকত্ব না নিয়ে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে থাকতে পারবেন না। তাদের প্রতি পাঁচ বছর পর পর নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে।
এরই মধ্যে যুক্তরাজ্যে পিআর নিয়ে বসবাস করছেন লাখো মানুষ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্লেষকরা জানান, সংখ্যাটি ২৫ থেকে ৩০ লাখ হতে পারে। নতুন নীতিতে তারা সবাই প্রভাবিত হবেন।
ফ্রান্সে যুক্তরাজ্যগামী ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ফরাসি নিরাপত্তা বাহিনী প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তারা ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। উত্তর ফ্রান্স কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টা সত্ত্বেও ভালো আবহাওয়ার কারণে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত অব্যাহত রয়েছে। এই পথ বন্ধ করতে উভয় দেশ একটি চুক্তি করেছে। এর মাধ্যমে ইংল্যান্ডে পৌঁছানো কিছু অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে।
ফরাসি আঞ্চলিক সমুদ্র কর্তৃপক্ষ জানিয়েছে, শনি ও রোববার প্রায় ২৪টি স্থান থেকে অভিবাসীরা নৌকায় ওঠার চেষ্টা করেছে। সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। গত শনিবার, বিশেষ করে বুলন-সুর-মের, ডাইপে এবং ক্যালেতে প্রায় ২২০ জনকে উদ্ধার করা হয়। রোববার কমপক্ষে ১৭৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির গণনা অনুযায়ী, এই বছরের শুরু থেকে ফরাসি-ব্রিটিশ সীমান্ত পেরোতে গিয়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষ ইংলিশ উপকূলে পৌঁছতে পেরেছে। গত শনিবার ১২টি ছোট নৌকায় করে ৮৯৫ জন এসেছিল।
- বিষয় :
- যুক্তরাজ্য
- অভিবাসন
- কঠোর
