করোনা: ভিক্টোরিয়ায় ‘দুর্যোগ’ ঘোষণা, মেলবোর্নে কারফিউ
ভিক্টোরিয়ায় স্বাস্থ্যসুরক্ষা বিধি মানাতে পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে-বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৮:১৩ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৮:৫৭
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ‘দুর্যোগ’ ঘোষণা করা হয়েছে। অঙ্গরাজ্যটির রাজধানী মেলবোর্নে জারি করা হয়েছে কারফিউ।
জুলাইয়ের শুরুর দিকেই ভিক্টোরিয়ায় লকডাউন জারি করা হয়। এবার তা মানার ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হলো। খবর বিবিসির
অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে গত সপ্তাহে নতুন করে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। রোববার সেখানে একদিনে সর্বোচ্চ ৬৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৭ জন।
এ পরিস্থিতিতে লোকজনের চলাচলের ওপর আরও কড়া ব্যবস্থা নিয়ে রোববার থেকে ভিক্টোরিয়ায় চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ কার্যকর হয়েছে।
নতুন বিধিনিষেধের আওতায় কারফিউ চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত। এ সময় মানুষ কেবলমাত্র কাজের প্রয়োজনে কিংবা চিকিৎসা সেবার প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে পারবেন।
ভিক্টোরিয়ার সরকারপ্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেন, জুলাইয়ে যে লকডাউন জারি হয়েছে তা খুব ধীরগতিতে কাজ করছে। ‘আমাদের আরও কিছু করতে হবে। আরও কঠোর হতে হবে। পরিস্থিতির বদল ঘটাতে এটাই একমাত্র উপায়।’
তিনি আরও জানান, রোববার লকডাউন বিধিতে যে পরিবর্তন আনা হয়েছে, তা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে। রাজ্যের ব্যবসা-বাণিজ্যে সোমবার আরও কিছু বিধিনিষেধের ঘোষণা দেওয়া হবে। তবে মেলবোর্নের তুলনায় রাজ্যের অন্যান্য জায়গায় কড়াকড়ি কিছুটা কম থাকবে।
দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের রাস্তায় সন্ধ্যা থেকে কোনো লোজজনকে দেখা যায়নি। কারফিউ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগ থেকে লোকজনকে সুপারমার্কেটের সামনে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
মানুষকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মানানোর বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জন এবং মারা গেছে ২শ’র বেশি মানুষ।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- মেলবোর্ন
- কারফিউ জারি