করোনা ঠেকাতে বিসিজি টিকা সফল, দাবি মার্কিন গবেষকদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৯:১৮ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ২৩:৪১
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনরাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। করোনার গবেষণায় আরও একটি নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা৷ যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দাবি করা হয়েছে, বিসিজি টিকা করোনায় সংক্রমণের গতি অনেকটাই কমিয়ে দেয়৷ অন্তত প্রথম ৩০ দিনে তা সম্ভব৷
'সায়েন্স অ্যাডভান্স' নামে একটি অগ্রণী মেডিক্যাল জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে৷ যে দেশগুলিতে বিসিজি টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, সেই দেশগুলিতে করোনা হানা দেওয়ার পর অন্তত প্রথম ৩০ দিন সংক্রমণ এবং মৃত্যুর হার কম থাকে৷
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে গত ২৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৪৬৭ জনের মৃত্যু হয়৷ গবেষকদের দাবি, দেশটিতে যদি কয়েক দশক আগেই বিসিজি টিকা নেওয়া বাধ্যতামূলক থাকত, তাহলে সেই সংখ্যাটা কমে ৪৬৮-এর আশেপাশে থাকতে পারত৷
চীন ও ভারতের মতো দেশে বিসিজি টিকা প্রয়োগকে সরকারি কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে৷ এই দেশগুলোতে মৃত্যুহারও তুলনামূলক কম৷ চিকিৎসকদের একাংশেরও দাবি, এই দেশগুলিতে বিসিজি টিকাই মানুষকে করোনার প্রাণঘাতী ছোবল থেকে রক্ষা করছে৷
যক্ষ্মা সহ অন্যান্য সংক্রামক রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুর জন্মের ১৫ দিনের মধ্যে তাদের বিসিজি টিকা দেওয়া হয়৷ করোনার বিরুদ্ধেও বিসিজি প্রতিষেধক কার্যকরী কি না তা নিয়ে গত ৮ মাসে কম চর্চা হয়নি৷
মার্কিন এই গবেষণায় সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রথম ৩০ দিনে ১৩৫টি দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এবং ১৩৪টি দেশে দৈনিক মৃতের সংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে৷ তা থেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা৷ তবে করোনা রুখতে বিসিজি-কে যে 'ম্যাজিক বুলেট' বলা যায় না, তাও স্পষ্ট করে দিয়েছেন তারা৷
- বিষয় :
- বিসিজি টিকা