ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ

মাদুরোর মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ
×

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১২:৪৪

যুক্তরাষ্ট্রের হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজ, যিনি মাদুরো সরকারের অনুগত বলে পরিচিত, তিনিও বিক্ষোভে যোগ দিয়েছেন। খবর বিবিসির

কারমেন মেলান্দেজ বলেন, তাদের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র ‘অপহরণ’ করে নিয়ে গেছে।

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় শেষরাতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় এই অভিযান চালানো হয়।

এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব।’ পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার সব খনি নিয়ন্ত্রণে নেবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে।

একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, প্রয়োজন হলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও অনেক বড় হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

ভেনেজুয়েলার হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে রাশিয়া। আর অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া কিউবা, ইরানসহ অনেক দেশ হামলার নিন্দা জানিয়েছে। মাদুরোকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও। তিনি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আরও পড়ুন

×