ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলো ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলো ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল
×

মার্কিন কংগ্রেস ভবন

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৩৬

মিয়ানমারের সামরিক জান্তাকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়েছে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ বিল। এর মধ্য দিয়ে জান্তার ওপর চাপ বাড়ানো ও দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনে ওয়াশিংটনের সমর্থন আরও জোরদার হবে।

ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতাদের আনা এ যৌথ বিলটি গত সোমবার পাস হয় বলে মিয়ানমারকেন্দ্রিক দুই সংবাদমাধ্যম মিজিমা ও ইরাবতী জানিয়েছে। গত বছরের মে মাসে মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা বিল হুইজেঙ্গা ‘ব্রিংগিং রিয়েল অ্যাকাউন্টেবিলিটি ভায়া এনফোর্সমেন্ট ইন বার্মা অ্যাক্ট’ বা সংক্ষেপে ব্রেভ বার্মা বিলটি উত্থাপন করেন।
প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এটি এখন উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে গৃহীত হলে যাবে প্রেসিডেন্টের টেবিলে, তিনি স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।

সে ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট প্রতি বছর মিয়ানমার তেল ও গ্যাস সংস্থা, মিয়ানমার ইকোনমিক ব্যাংক ও দেশটির জেট-জ্বালানি খাতে নিষেধাজ্ঞার কড়াকড়ি আরও বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আগামী সাত বছর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে তাঁর।

এখনকার আইনে মিয়ানমারের সুনির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, তাদের পক্ষে কাজ করা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপের ক্ষমতা মার্কিন প্রশাসনের রয়েছে। নতুন আইনে নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো এবং আরও কঠোর করার পথ তৈরি হবে, বলছে হুইজেঙ্গার কার্যালয়।

আরও পড়ুন

×