যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স: জরিপ
জে ডি ভ্যান্স
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১০:৪৬
টানা দ্বিতীয় বছরের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সি-প্যাক) স্ট্র পোল তথা জরিপে শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশটির অন্যতম বৃহৎ ডানপন্থি সমাবেশে তাঁর এই জয় বিশেষ গুরুত্ব বহন করছে। জরিপটি মূলত একটি নির্দেশক হিসেবে কাজ করে। যদিও এটি সব সময় নির্ভুল হয় না। তবে এ থেকে ধারণা করা যায়, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে কে এগিয়ে থাকতে পারেন।
আলজাজিরার খবরে বলা হয়েছে, এ বছরের চার দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তারা কাকে পছন্দ করেন। শনিবার মঞ্চে এই ফল ঘোষণা করা হয়। প্রায় এক হাজার ৬০০ অংশগ্রহণকারীর ভোটের মধ্যে ৫৩ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পান ভ্যান্স।
তবে এই তালিকায় বেশ ওপরের দিকে উঠে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরেকজন শীর্ষ কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্লোরিডার সাবেক এই সিনেটর ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। রুবিওর জন্য এটি একটি বড় উন্নতি। কারণ, গত বছরের সি-প্যাক স্ট্র পোলে তিনি চতুর্থ স্থানে ছিলেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মাথায় গত বছর নেওয়া সেই পোলে দেখা গিয়েছিল, ভ্যান্স ৬১ শতাংশ সমর্থন পেয়েছিলেন। অন্যদিকে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ১২ শতাংশ এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ৭ শতাংশ ভোট পান। রুবিও এবং প্রতিনিধি এলিস স্টেফানিক উভয়েই পেয়েছিলেন ৩ শতাংশ ভোট। বার্ষিক এই সম্মেলন সি-প্যাকের উপস্থিতিতে সাধারণত রাজনৈতিক কেন্দ্রের তুলনায় কট্টর ডানপন্থিদের প্রাধান্য বেশি থাকে।
এ বছরের সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, ইরানের বিরোধী নেতা রেজা পাহলভি এবং ব্রাজিলের সাবেক উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর দুই ছেলে এদুয়ার্দো ও ফ্লাভিও বলসোনারো। উল্লেখ্য, ব্রাজিলের গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টার অভিযোগে গত সেপ্টেম্বরে জাইর বলসোনারো কারারুদ্ধ হন। সাধারণত যখন হোয়াইট হাউসে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট আসীন থাকেন, তখন সি-প্যাক পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কে আসা উচিত, তা নিয়ে জরিপ করে না।
বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন, রিপাবলিকান পার্টি মূলত ট্রাম্পের রাজনীতির ওপর ভিত্তি করেই ঐক্যবদ্ধ হয়েছে এবং দলের ভেতরে থাকা গুটি কয়েক মডারেট ও সমালোচক কণ্ঠস্বর ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে। তবে সি-প্যাকের এই স্ট্র পোল সব সময় নির্ভুল হয় না।
- বিষয় :
- যুক্তরাষ্ট্রের নির্বাচন
