ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুবাইয়ে তেলের ট্যাঙ্কারে ইরানের হামলার পর বাড়ল দাম, এশিয়ায় শেয়ারবাজারে পতন

দুবাইয়ে তেলের ট্যাঙ্কারে হামলার পর বাড়ল দাম, শেয়ারবাজারে পতন
×

সাগরে একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ধোঁয়া উড়ছে। ফাইল ছবি: এএফপি

রয়টার্স ও এএফপি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১৩:০১ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১৮:৪৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই উপকূলের কাছে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এর জেরে মঙ্গলবার তেলের দাম আবারও সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে। জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে পারে। এর বর্তমান বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলারের বেশি।

এ ঘটনার আগে ইরানের জ্বালানিকেন্দ্র ও তেলকূপগুলো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েতের পতাকাবাহী ‘আল-সালমি’ নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। এর মালিকানা প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই হামলাটি ঘটে। আগুনে কিছু কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পর দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ট্রাম্পের হুমকি ও ট্যাঙ্কারে ইরানের হামলার পর মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে এবং তেলের দাম বেড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক ‘কোসপি’ ৪ শতাংশেরও বেশি এবং জাপানের ‘নিক্কেই’ সূচক ২ দশমিক ২৪ শতাংশ পড়ে যায়। পরে উভয় বাজারই সামান্য ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।

আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ এর দাম মঙ্গলবার ভোরে ২ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের তেলের প্রধান মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)’ এর দাম ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার প্রথমবারের মতো তেলের দাম ১০০ ডলারের ওপরে থেকে বাজার বন্ধ হয়েছিল।

তেল ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি মার্কিন পরিবারগুলোর বাজেটে প্রভাব ফেলতে শুরু করেছে। যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান পার্টির জন্য একটি রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

প্রাইস-ট্র্যাকিং সার্ভিস ‘গ্যাসবাডি’র তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে গ্যাসোলিনের গড় দাম গত তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি গ্যালন ৪ ডলার ছাড়ায়। চলমান অস্থিরতার মধ্যে বিশ্বব্যাপী সরবরাহ কমে যাওয়ায় মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০১ ডলারের ওপরে উঠেছে।

আরও পড়ুন

×