ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্টেমিস-২ মহাকাশযানের টয়লেট সিস্টেম আবারও বিকল

আর্টেমিস-২ মহাকাশযানের টয়লেট সিস্টেম আবারও বিকল
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ২২:১৩

চাঁদের পথে ইতিহাস গড়তে যাওয়া আর্টেমিস-২ মিশনে কিছুটা বিপত্তি দেখা দিয়েছে। অ্যাপোলো-১৩-এর গড়া রেকর্ড ভেঙে মহাকাশের আরও গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে এই অভিযানে ওরিয়ন মহাকাশযানের অত্যাধুনিক ও দামি টয়লেট সিস্টেমটি আবারও ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে বলে জানা গেছে।

অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওরিয়ন ক্যাপসুলের বাথরুমটি আবারও বিকল হয়ে পড়েছে। গত বুধবার উৎক্ষেপণের পর থেকেই এটি মাঝেমধ্যে সমস্যা করছিল। সোমবার নিজেদের গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারীর। ৫৩ বছরের বেশি সময় পর এই প্রথম কোনো মানববাহী যান চাঁদের দিকে যাচ্ছে।

নাসার ওরিয়ন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার ডেবি কর্থ জানান, নভোচারীরা বাথরুম থেকে দুর্গন্ধ আসার কথা জানিয়েছেন। প্রকৌশলীদের ধারণা, প্রস্রাব বের করে দেওয়ার লাইনে বরফ জমে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। টয়লেটটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত নভোচারীদের ব্যাকআপ হিসেবে ইউরিন কালেকশন ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়েছে মিশন কন্ট্রোল। তবে মলত্যাগের জন্য টয়লেটটি এখনও ব্যবহার করা যাচ্ছে।

মিশন ম্যানেজমেন্ট টিমের চেয়ার জন হানিকট বলেন, মহাকাশে টয়লেটের সমস্যা নতুন কিছু নয়, স্পেস শাটল মিশনেও এমনটা হতো। তিনি জানান, নভোচারীরা সুস্থ আছেন এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। ওরিয়ন ক্যাপসুলের ফ্লোরের নিচে অবস্থিত এই টয়লেটে গোপনীয়তার জন্য একটি দরজা ও পর্দা রয়েছে। খবর এপির।

 

আরও পড়ুন

×