সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের সিদ্ধান্তে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের নিন্দা
সৌদি আরবের পতাকা। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:৪৫
সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল সোমালিল্যান্ডে কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ঘোষণা দেওয়ায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে সৌদি আরবসহ একাধিক আরব ও মুসলিম দেশ।
শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের এই পদক্ষেপ সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিশর, সোমালিয়া, সুদান, লিবিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কুয়েত।
তারা আরও বলেন, কোনো রাষ্ট্রের ঐক্য ক্ষুণ্ন করে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে—এমন সব একতরফা পদক্ষেপের প্রতি তাদের ‘দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান’ রয়েছে।
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের গঠনতন্ত্রের নীতিমালার ‘প্রকাশ্য লঙ্ঘন’ এবং এটি আফ্রিকার হর্ন অঞ্চলের স্থিতিশীলতা দুর্বল করার মতো ‘বিপজ্জনক নজির’ তৈরি করতে পারে।
উল্লেখ্য, সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হলেও আন্তর্জাতিকভাবে এটি সোমালিয়ার অংশ হিসেবেই স্বীকৃত।
- বিষয় :
- সোমালিয়া
- সোমালিল্যান্ড
- ইসরায়েল
- নিন্দা
- যৌথ বিবৃতি
