ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্মভিত্তিক সব সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

ইমাম-মোয়াজ্জেম ভাতা বাতিল, চালু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’

ধর্মভিত্তিক সব সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
×

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছবি-সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৮:০২

পশ্চিমবঙ্গে ধর্মীয় শ্রেণিভিত্তিক পরিচালিত সব সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস থেকে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতাসহ ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন সহায়তামূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন চলমান ধর্মভিত্তিক প্রকল্পগুলোও বাতিল করা হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর নীতিগত অনুমোদন দিয়েছে। আগামী ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হবে।

তিনি জানান, পূর্বের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পের আওতায় চলে আসবেন। তবে যারা গত কয়েক মাস ধরে ভাতা পাননি, তাদের সরকার নির্ধারিত পোর্টালে আবেদন করতে হবে। প্রকল্পের আওতায় নারীরা প্রতি মাসে তিন হাজার রুপি করে পাবেন।

মন্ত্রী আরও বলেন, ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদনকারীদের মধ্যে যাদের আবেদন বিবেচনাধীন রয়েছে এবং এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

এছাড়া আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত সুবিধা চালুরও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যদিও সরকারি বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিনের বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান অগ্নিমিত্রা পাল।

বর্ষা মৌসুম সামনে রেখে নিকাশি ব্যবস্থা, রাস্তা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ও রাস্তার আলোর মতো নাগরিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

×