সন্ত্রাস দমন ও বাণিজ্য সম্প্রসারণে ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১০:৪৫
বৈশ্বিক সংকট মোকাবিলা, সন্ত্রাসবাদ দমন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে গতকাল রোববার অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এ সময় জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের এই কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, বাণিজ্য জটিলতা ও পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক যোগাযোগ নিয়ে ভারতের কিছু উদ্বেগ ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই উদ্বেগ দূর করে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি একদম সঠিক পথে রয়েছে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার পরিকল্পনার অংশ। এ ছাড়া খুব দ্রুতই দুই দেশের মধ্যে একটি নতুন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় এবং ভারতীয়-আমেরিকানদের লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্য নিয়ে তৈরি হওয়া উদ্বেগ ও বিতর্ককে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন রুবিও।
সন্ত্রাসবাদ দমনকে দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী তাহাব্বুর রানাকে ভারতের কাছে হস্তান্তর করার জন্য মার্কিন সংস্থাগুলোর প্রশংসা করেন এস জয়শঙ্কর। পাশাপাশি, হরমুজ প্রণালি থেকে শুরু করে পশ্চিমাঞ্চল পর্যন্ত আন্তর্জাতিক জলসীমা যাতে কোনো সুনির্দিষ্ট দেশ নিজের নিয়ন্ত্রণে নিতে না পারে, সে বিষয়েও একমত হয়েছে দুই দেশ।
- বিষয় :
- ভারত
- বাণিজ্য চুক্তি
- যুক্তরাষ্ট্র
