ড্রোন ও বিমান হামলা চলছেই আরও ১০ গ্রাম খালির নির্দেশ
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৩:২৬
কথিত যুদ্ধবিরতি বলবৎ থাকলেও দক্ষিণ লেবাননে একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। গতকাল সোমবার অঞ্চলটিতে চালানো হামলায় অন্তত তিনজন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে সীমান্তবর্তী আরও ১০টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, গতকাল সোমবার ভোরে নাবাতিয়াহ অঞ্চলের কাফর রুম্মান-জারমাক মহাসড়ক ও জারমাক-খারদালি সড়কে চলাচলরত তিনটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হন। পরে দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে আল-শাহাবিয়া ও আল-বাজুরিয়াহ এলাকায়ও ইসরায়েলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নাবাতিয়াহ আল-তাহতা, আল-লুইজেহ, সাজদসহ মোট ১০টি সীমান্তবর্তী আইন গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশনার কথা জানান। আলজাজিরার বৈরুত প্রতিনিধি জেইনা খোদর জানান, টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী বৈরুত ও এর দক্ষিণ উপশহরের আকাশে খুব নিচু দিয়ে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। রোববারের হামলাতেই অন্তত ১৮ জন নিহত ও ২১ জন আহত হন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, এবারের দিনটি উদযাপনের নয়; বরং নিহত, আহত, বাস্তুচ্যুত ও সীমান্ত অঞ্চলের মানুষের প্রতি সংহতি জানানোর সময়। প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ইসরায়েলি হামলা এখনও বন্ধ হয়নি।
- বিষয় :
- লেবানন
- ড্রোন হামলা
