বিজেপি ছাড়লেন তামিলনাড়ুর ‘সিংহাম’, নতুন দল গঠনের ঘোষণা
বিজেপির সাবেক সভাপতি কে আন্নামালাই। ছবি: এক্স থেকে নেওয়া
ইন্ডিয়া টুডে
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:৫৯ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৫:০৮
ভারতের তামিলনাড়ু বিজেপির সাবেক সভাপতি কে আন্নামালাই শুক্রবার দল থেকে পদত্যাগ করেছেন। এর পরপরই তিনি একটি নতুন রাজনৈতিক আন্দোলন শুরু এবং দল গঠনের ঘোষণা দিয়েছেন।
আইপিএস কর্মকর্তা থাকার সময় আন্নামালাই তাঁর কঠোর ভূমিকার জন্য ‘সিংহাম’ নামে পরিচিতি পান। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক আন্দোলন শুরু করব। আমরা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সেজন্য আমাদের প্রস্তুত হতে হবে।’
আপাতত আন্দোলনের নাম রাখা হয়েছে ‘আন্নামালাই মাক্কাল ইয়াক্কাম’ বা এএমআই। আন্নামালাই বলেন, রাজ্যে এখন ‘ব্যক্তিপূজার রাজনীতি’ থেকে বেরিয়ে গিয়ে সাধারণ মানুষের রাজনীতি চালু করা প্রয়োজন।
এর আগে তামিলনাড়ু বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা নিতিন নবীন আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নবীনের কাছে পাঠানো চিঠিতে আন্নামালাই গত ১৮ মাসে মতভিন্নতার কথা উল্লেখ করেন। লিখেছেন, তামিলনাড়ুতে প্রগতিশীল রাজনীতি এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে আর চাপে ফেলতে চান না।
চিঠিতে আন্নামালাই আরও লিখেছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর তাঁর মনে হয়েছে, তামিলনাড়ুকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি মিলছে না।
তামিলনাড়ুতে বিজেপিকে শক্ত অবস্থানে নেওয়ার পেছনে আন্নামালাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাজনীতি কোনো নির্দিষ্ট পরিবারের সম্পত্তি নয়। আমরা স্থায়ী নেতা, এমপি ও এমএলএদের চিরস্থায়ী ধারণা ভেঙে দেব। আমাদের এখন ব্যক্তিপূজার রাজনীতি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’
