যুক্তরাজ্য
প্রধানমন্ত্রী স্টারমারকে সরাতে আরেক ধাপ এগোলেন বার্নহাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (ডানে) ও লেবার পার্টির নতুন এমপি অ্যান্ডি বার্নহাম। ছবি: এএফপি
এএফপি ও সিএনএন
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৭:৩৯ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৭:৪৯
যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম শুক্রবার একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি ব্রিটিশ পার্লামেন্টে নিজের আসন নিশ্চিত করলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর পথ সুগম হলো।
বার্নহাম এর আগে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র ছিলেন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে হলে তাঁকে পার্লামেন্টের সদস্য হতে হতো। সম্প্রতি স্টারমারের পদত্যাগের দাবি উঠলে বার্নহাম মেয়রের দায়িত্ব ছেড়ে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেইকারফিল্ড আসনের উপনির্বাচনে প্রার্থী হন।
শুক্রবার এই আসনে কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকের প্রার্থীর বিপরীতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বার্নহাম। জয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটাই পরিবর্তনের মুহূর্ত। আমাদের সামনে পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ এসেছে।’
বার্নহাম বলেন, ‘আমরা ব্রিটেনের জন্য একটি নতুন পথের রূপরেখা তুলে ধরব।’ প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর তিনি আরও বলেন, ‘আমি আমার নিজের দলকেও বলছি, পরিবর্তনের এটাই শেষ সুযোগ।’
স্টারমার যদি চলতি বছরই পদ ছাড়েন, তাহলে ১০ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য। শুক্রবার বার্নহামকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে স্টারমার লিখেছেন, নেতৃত্ব বাছাইয়ের জন্য যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে তিনি অবশ্যই প্রার্থী হবেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরতে চান না।
গত মে মাসে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির হারের পর নেতৃত্ব নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন স্টারমার। এরপর বেশ কয়েকজন এমপি সরাসরি তাঁর পদত্যাগের দাবি জানান। লেবার পার্টির বিধি অনুযায়ী, নেতৃত্বের চ্যালেঞ্জ শুরু করতে হলে দলের অন্তত এক-পঞ্চমাংশ এমপির (৮১ জন) সমর্থন প্রয়োজন। এক বা একাধিক প্রার্থী এই পরিমাণ সমর্থন সংগ্রহ করতে পারলে স্টারমারের বিরুদ্ধে ভোট হবে।
বর্তমানে লেবার পার্টির ভেতর দুটি পক্ষ আছে। যারা দ্রুত নেতৃত্বের পরিবর্তন চান, তারা স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পক্ষে। অন্যদিকে, যারা সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর দেখতে চান, তাদের পছন্দ অ্যান্ডি বার্নহাম। তরুণ ভোটারদের পছন্দ বিবেচনায় সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই তিনজনের মধ্যে স্ট্রিটিং লেবার পার্টির ডানপন্থী ঘরানার নেতা হিসেবে পরিচিত। অপরদিকে বার্নহাম বিভিন্ন জনমত জরিপে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদের আখ্যা পেয়েছেন। তিনি ‘ম্যানচেস্টারিজম’ ধারণার প্রবক্তা। এর মূল বার্তায় ব্যবসাবান্ধব নীতি ও সমাজতন্ত্রের আকাঙক্ষার কথা আছে।
আরও পড়ুন: স্টারমারকে যেভাবে সরাতে পারে লেবার পার্টি, সম্ভাব্য চারটি পথ
